শ্রদ্ধা-ভালোবাসায় শোক দিবস পালন
বিনম্র শ্রদ্ধায় গতকাল শনিবার বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, বিশেষ প্রার্থনা ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জিলা স্কুল মাঠ থেকে শোক র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জিলা স্কুলের আমিনুল হক দুলাল মিলনায়তনে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন ছাড়াও পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক মকবুল হোসেন প্রমুখ বক্তব্য দেন। এদিকে সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বের হওয়া শোক র্যালিতে জেলা কমিটির শীর্ষস্থানীয় নেতারা ছাড়াও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। এ ছাড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামস্-উল-আলমের নেতৃত্বে কলেজ চত্বরে বের হয় শোক শোভাযাত্রা। বগুড়া আর্ট কলেজ ও বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগেও শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নওগাঁ: জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় সার্কিট হাউস থেকে একটি শোক র্যালি বের হয়। র্যালিতে নেতৃত্বে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ আবদুল মালেক। এ সময় জেলা প্রশাসক আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন। বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে আরেকটি শোক র্যালি বের করা হয়। র্যালিতে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সাংসদ সাধন চন্দ্র মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে জেলার রানীনগর ও আত্রাইয়ে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শোক দিবস পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সদস্য ইসরাফিল আলম।
নাটোর: সকাল ১০টায় কানাইখালী মাঠ থেকে স্থানীয় সাংসদ শফিকুল ইসলামের নেতৃত্বে শোক র্যালি বের হয়। এতে জেলা প্রশাসক মশিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান ও যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান প্রমুখ অংশ নেন। পরে নাটোর সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে কেন্দ্রীয় জামে মসজিদে জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া বাগাতিপাড়া, বড়াইগ্রাম ও সিংড়ায় স্থানীয় সাংসদদের নেতৃত্বে শোক র্যালি বের হয়।
পাবনা: সকালে সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওয়ার্ড কলেজ ও পাবনা ড্রামা সার্কেলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি ও আলোচনা সভা করে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়।
সিরাজগঞ্জ: সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোক র্যালি বের করা হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুল হাসান র্যালির উদ্বোধন করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়ার নেতৃত্বে বের হওয়া শোক র্যালিতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে।
জাতীয় শোক দিবস উপলক্ষে বিএল সরকারি উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ গরিব ও মেধাবী ছাত্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে। বিদ্যালয়ের ৬৭ জন ছাত্রকে এক হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়। শিক্ষক সুশান্ত কুমার দেবসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ: সকাল নয়টায় শহরের আবদুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, জাসদ, প্রথম আলো বন্ধুসভা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। সকালে নবাবগঞ্জ সরকারি কলেজে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এদিকে বিকেলে নবাবগঞ্জ শহীদ সাটু হলের উদীচী চত্বরে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করে উদীচী সাংস্কৃতিক গোষ্ঠী ও বঙ্গবন্ধু পরিষদ।
জয়পুরহাট: সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট মাঠ থেকে শোক র্যালি বের করা হয়। শহর প্রদক্ষিণ করে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এসে র্যালি শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও নানা পেশার লোকজন অংশ নেয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জয়পুরহাট সদর আসনের সাংসদ সামছুল আলম, জেলা প্রশাসক আবদুর রহিম, পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী প্রমুখ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন, সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন আবাসিক হল, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সেখানে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুর ১২টায় শোক র্যালি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শোক দিবস উপলক্ষে রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়া জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।