শ্রদ্ধা-ভালোবাসায় শোক দিবস পালন
বিনম্র শ্রদ্ধায় গতকাল শনিবার বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, বিশেষ প্রার্থনা ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঠাকুরগাঁও: সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে শোক র্যালি বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জিতেন্দ্র নাথ রায় প্রমুখ। এ ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে।
দিনাজপুর: সকাল সাড়ে নয়টায় শহরের একাডেমি স্কুল মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালি বের করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জেলা আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য সংগঠন ব্যানার নিয়ে যোগ দেয়। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার মো. রুহুল আমিন প্রমুখ শোক র্যালির নেতৃত্ব দেন। র্যালি শেষে দিনাজপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়: সার্কিট হাউস-সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ, জাসদ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এরপর একটি শোক শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম, সাবেক সাংসদ মাজাহারুল হক প্রধান, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য দেন। দিবসটি উপলক্ষে সিভিল সার্জন অফিস আধুনিক সদর হাসপাতালে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে। এদিকে জেলা জাসদ জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি আবদুল মজিদ।
হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়। সকাল নয়টায় উপাচার্য মো. রুহুল আমিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে ক্যাম্পাসে শোক র্যালি করেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন এবং শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক শাহাদাত হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপাচার্য রুহুল আমিন ছাড়াও কৃষি অনুষদের ডিন আনিস খান, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন বলরাম রায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নজিবুর রহমান, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক আবদুল আহাদ, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক এ টি এম শফিকুল ইসলাম, প্রগতিশীল কর্মকর্তা পরিষদের সভাপতি কৃষিবিদ মো. ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক আ ন ম ইমতিয়াজ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
নীলফামারী: আলোকচিত্র প্রদর্শন, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, শোক র্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন শহরে শোক র্যালি বের করে। পরে স্ব স্ব প্রতিষ্ঠান ও কার্যালয়ে আলোচনা সভা, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে শহরে শোক র্যালি ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং দুস্থ ব্যক্তিদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। কিন্তু নীলফামারী-৩ আসনের সাংসদ গোলাম মোস্তফার নেতৃত্বে জলঢাকা উপজেলা শহরে পৃথক শোক র্যালি বের করা হয়। পরে জলঢাকা ডিগ্রি কলেজ মাঠে সাংসদের নেতৃত্বে আলোচনা সভা ও দুস্থ ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ করা হয়।