শ্রবণপ্রতিবন্ধীদের জন্য কক্লিয়ার ইমপ্ল্যান্ট সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের কানের তিনটি অংশের একটি অন্তঃকর্ণ। অন্তঃকর্ণের ভেতর শামুকের মতো দেখতে যে নালিটি থাকে সেখানে বালুকণার চেয়ে ছোট কিছু কোষ থাকে। এই কোষগুলো ক্ষতিগ্রস্ত হলে মানুষ আর শুনতে পায় না। কক্লিয়ার ইমপ্লান্ট নামের একটি যন্ত্র প্রতিস্থাপনের মাধ্যমে মানুষ শোনার ক্ষমতা ফিরে পেতে পারে।

সরকারের আর্থিক সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৩৬ জন শ্রবণ প্রতিবন্ধীর কানে এই যন্ত্রাংশটি বসানোর উদ্যোগ নিয়েছে। আজ শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

বিএসএমএমইউ এর নাক-কান-গলা বিভাগের শিক্ষক জহুরুল হক বলেন, এ বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে ২০১০ সাল থেকে ‘ডেভেলপমেন্ট অব কক্লিয়ার ইমপ্লান্ট’ কর্মসূচি চলছে। প্রথম পর্যায়ে ৬৬ জনের কানে কক্লিয়ার ইমপ্লান্ট বসানো হয়েছে। এদের ৫৮ জনই শিশু। যেসব শিশু জন্ম থেকে বধির, তারা কথা বলতে পারে না। কক্লিয়ার ইমপ্লান্ট বসানোর পর শিশুরা অডিটরি ভারবাল থেরাপি পেলে কথা বলতে পারে।

আজ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে ৩৬ জন শ্রবণপ্রতিবন্ধীকে কক্লিয়ার ইমপ্লান্ট এর বরাদ্দপত্র দেওয়া হয়েছে। বিএসএমএমইউ এখন এদের অস্ত্রোপচার করে এই কক্লিয়ার ইমপ্লান্ট বসাবে। এই ৩৬ জনের ৩৪ জনই শিশু।

বিএসএমএমইউ বলছে, প্রথম পর্যায়ে ১২ থেকে ১৫ লাখ টাকার এ চিকিৎসা সেবা ৪৮ জনকে বিনা মূল্যে, ছয়জনকে স্বল্পমূল্যে দেওয়া হয়। ১২ জন নিজের খরচে এই সেবা নিয়েছেন। প্রথম পর্যায়ের ৬৬ জনের সবাই এখন শুনতে পান।