শ্রম অধিকার নিশ্চিত হলে পোশাক শিল্পে নেতৃত্ব দিতে পারে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসের প্রায় চার বছর পর বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশের ব্যাপক উন্নতি মুগ্ধ করেছে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদলকে। তবে তাঁরা মনে করেন, শ্রমিকদের অধিকার পুরোপুরি নিশ্চিত হলে এই শিল্পে নেতৃত্বদানকারী দেশ হওয়ার সুযোগ আছে বাংলাদেশের।
তিন দিনের ঢাকা সফর শেষ করার আগে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্যের প্রতিনিধিদল এই অভিমত দিয়েছে।
কর্মপরিবেশের উন্নতিতে প্রতিনিধিদলটি সন্তুষ্টির কথা জানালেও শ্রমিকদের সংগঠিত হওয়া, দর-কষাকষির সুযোগ, ইপিজেডের (রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায়) খসড়া আইনসহ কয়েকটি জায়গায় উন্নতি করার ওপর জোর দিয়েছেন। এ বিষয়গুলোতে আগামী ১৮ মে সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের পর্যালোচনা সভা এবং জুনের মাঝামাঝি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সম্মেলনের আগে উন্নতির কথাও তাঁরা মনে করিয়ে দিয়েছেন।
তবে এই সময়ের মধ্য শ্রমিকস্বার্থ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যর্থ হলে এর ফল কী হবে, তা তাঁরা স্পষ্ট করে বলেননি।
প্রতিনিধিদলের সদস্য নোবারট নয়সার বলেন, ‘আপনারা অসাধারণ কাজ করেছেন। দেশে ফিরে আপনাদের দেশ সম্পর্কে বিশেষ করে তৈরি পোশাক এবং জুতা উৎপাদনশিল্প নিয়ে উন্নতির কথা জানাতে পারব।’
প্রতিনিধিদলের নেতা আরনা লিটয্ বলেন, ‘আমরা যাদের সঙ্গে কথা বলেছি তাদের সবার মধ্যে পরিবর্তনের ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখেছি। তাই আমরা মে মাসে ঢাকায় কমপ্যাক্ট পর্যালোচনা এবং জুনের মাঝামাঝি জেনেভায় আইএলও সম্মেলনের আগে সুনির্দিষ্ট অগ্রগতি দেখতে চাই।’
ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালুর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সবার জন্য সমান সুযোগ থাকা উচিত।
তিন দিনের বাংলাদেশ সফরের সময় প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সঙ্গে দেখা করে। এ ছাড়া বিজিএমইএ এবং শ্রমিকনেতাদের সঙ্গে মতবিনিময় করে।