শ্রম অধিকার প্রশ্নে নভেম্বর পর্যন্ত সময় পেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে শ্রম অধিকার উন্নতির স্বার্থে সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করার পাশাপাশি ট্রেড ইউনিয়নবিরোধী বৈষম্যমূলক আচরণ ও সহিংসতা বন্ধের জন্য নভেম্বর মাসের মধ্যে সরকারকে পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে সরকার কী কী করেছে, তা নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বিশেষজ্ঞ কমিটিকে ওই সময়ের মধ্যে বিস্তারিতভাবে জানাতে হবে।

গত বৃহস্পতিবার জেনেভায় আইএলওর আন্তর্জাতিক শ্রম সম্মেলন (আইএলসি) শেষে প্রচারিত সনদ বাস্তবায়ন ও সুপারিশবিষয়ক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন এবং ঢাকায় আইএলওর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের সম্মেলনে বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে নতুন করে বিশেষ কোনো অনুচ্ছেদ যুক্ত করা হয়নি। তবে শ্রম অধিকার নিশ্চিত করতে অন্তত চারটি ক্ষেত্রে নভেম্বরের মধ্যে দৃশ্যমান উন্নতি দেখতে চায় আইএলও। এই চারটি ক্ষেত্র হচ্ছে, সংগঠিত হওয়ার অধিকারের ক্ষেত্রে বাংলাদেশের শ্রম আইন ও বিধিমালা আন্তর্জাতিক সনদের সঙ্গে সংগতিপূর্ণ হওয়াটা নিশ্চিত করা; খসড়া ইপিজেড আইনে সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করা; অনতিবিলম্বে আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় ইউনিয়নবিরোধী কর্মকাণ্ডের তদন্ত করে ছাঁটাই হওয়া লোকজনের চাকরি ফিরিয়ে দেওয়া; আইন অনুযায়ী অভিযুক্তদের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় কিংবা মামলা দায়ের করা এবং দ্রুততার সঙ্গে ট্রেড ইউনিয়নের নিবন্ধন করা।

জানতে চাইলে ঢাকায় আইএলওর এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, গতবারের মতো এবারের আইএলসিতে বাংলাদেশ নিয়ে নতুন করে কোনো অনুচ্ছেদ যুক্ত করা হয়নি। তবে সংগঠিত হওয়া ও যৌথ দর-কষাকষির বিভিন্ন ক্ষেত্রে উন্নতির জন্য বাংলাদেশ কী করেছে, সে সম্পর্কে নভেম্বরের মধ্য বিশেষজ্ঞ কমিটিকে বিস্তারিত প্রতিবেদন দিয়ে জানাতে হবে।

গত আইএলসিতে যুক্ত হওয়া বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এবার যেহেতু নতুন করে বিশেষ অনুচ্ছেদ যুক্ত হয়নি, তাই ধরে নেওয়া যায় যে অনুচ্ছেদটি আর নেই।

এ নিয়ে আইএলওর ওয়েবসাইটে প্রচারিত প্রতিবেদনের উল্লেখ করে জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের এক কূটনীতিকের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার বিশেষ অনুচ্ছেদ নতুন করে যুক্ত না হওয়াটাকে সরকারের পক্ষ থেকে গতবারের অনুচ্ছেদ প্রত্যাহার হিসেবে বলা হচ্ছে। গত বৃহস্পতিবার রাতে আইন মন্ত্রণালয় প্রচারিত এক বিজ্ঞপ্তিতে ‘আইএলওর বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহারের’ কথা প্রচার করা হয়েছিল। জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসানও ওই দিন রাতে প্রথম আলোকে মুঠোফোনে একই তথ্য জানান।

তবে আইএলসিতে অংশগ্রহণকারী বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্রেড ইউনিয়নবিরোধী বৈষম্যমূলক আচরণ ও সহিংসতা বন্ধ না হলে ভবিষ্যতেও সংকট তৈরি হতে পারে। ১৩ জুন বিশেষ অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ইন্ডাস্ট্রিঅল এবং শ্রমিক প্রতিনিধি বিশেষ অনুচ্ছেদ রাখার পক্ষে অবস্থান নেয়। তবে মালিকপক্ষের প্রতিনিধি বিশেষ অনুচ্ছেদ না রাখার পক্ষে মত দেন। কর্মকর্তারা মনে করেন, গত বছরের শেষার্ধে আশুলিয়ায় শ্রমিক নির্যাতনের ঘটনা বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার পাশাপাশি শ্রম পরিস্থিতি উন্নয়নের জন্য গঠিত ত্রিপক্ষীয় কমিটিকে কার্যকর করাটা জরুরি।

গত বছরের আইএলসিতে বাংলাদেশের শ্রম অধিকার নিশ্চিতের জন্য একটি বিশেষ অনুচ্ছেদ যুক্ত করা হয়। ওই অনুচ্ছেদে শ্রম আইন, ২০১৩তে সংশোধনী আনা, ইপিজেড আইনে সংগঠিত হওয়ার অধিকার পুরোপুরি নিশ্চিত করা, ট্রেড ইউনিয়নবিরোধী বৈষম্যের তদন্ত করা এবং ইউনিয়নের নিবন্ধন স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে করার প্রসঙ্গগুলো ছিল।

জানতে চাইলে শ্রমিক অধিকার-সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান আহমেদ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আইএলও শ্রমিক অধিকারের ব্যাপারে যেসব সুপারিশ করেছে, সনদ অনুসমর্থনকারী দেশ হিসেবে বাংলাদেশের এগুলো মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। বৈশ্বিক পরিমণ্ডলে ব্যবসা পরিচালনা করতে হলে নিরাপত্তা, অবকাঠামো, শ্রমিকের অধিকার—সব ক্ষেত্রেই আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে হবে।’