জার্মানির বার্লিনে চলছে একটি আলোকচিত্র প্রদর্শনী। এই প্রদর্শনীর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এতে কাজের সন্ধানে দেশছাড়া অভিবাসীদের জীবনের বিভিন্ন স্পর্শকাতর বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। মানুষের জীবন চলার পথে কত যে ভিন্নতা থাকতে পারে, তা ফুটে উঠেছে বাংলাদেশি চিত্রগ্রাহক শহিদুল আলমের ছবিগুলোয়। এক ছবিতে গরাদের পেছনের মানুষগুলোকে তুলে আনা হয়েছে, যেখানে পুরুষের চেয়ে নারী আর শিশুর সংখ্যাই বেশি। অধিকাংশই ক্লান্ত-শ্রান্ত। একই ছবিতে সবার সামনে এক ছেলেশিশুকে দেখা যায়, মুখে রাজ্যের অনিশ্চয়তার ছাপ নিয়ে সে উভয় হাতে গরাদ ধরে দাঁড়িয়ে আছে। দেখে মনে হতে পারে ছবিটি হয়তো কোনো কারাগারের কিংবা কোনো শরণার্থীশিবিরের। সমাধান মেলে এর ক্যাপশনে। সেখানে লেখা, ‘প্রিয়জনের জন্য অপেক্ষা’। ছবিটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। অর্থাৎ প্রবাসী শ্রমজীবীদের ফিরে আসার অপেক্ষায় বিমানবন্দরে ভিড় করেছেন তাঁদের স্বজনেরা। অপর এক ছবিতে দেখা যায়, রাতে ঝুঁকি নিয়ে বহুতল ভবনের নির্মাণকাজ করছেন কয়েকজন শ্রমিক। ডয়চে ভেলে