শ্রম আইন অনুযায়ী পুনর্বহাল বা পাওনা পরিশোধ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের জের ধরে যেসব শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়, তাঁদের শ্রম আইন অনুযায়ী পুনর্বহাল বা যাঁদের পাওনা পরিশোধ হয়নি, তাঁদের পাওনা পরিশোধ করা হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে মালিকপক্ষ, সরকারপক্ষ ও শ্রমিকপক্ষের এক যৌথ সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। প্রতিমন্ত্রী জানান, ওই ঘটনায় কিছু মামলা হয়েছিল, কিছু শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছিল। ইতিমধ্যে কয়েকজন বাদে সবাই জামিন পেয়েছেন। বাকিরাও যাতে আইন অনুযায়ী জামিন পেতে পারেন, সে পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া ওই মামলাগুলো যাতে আইন অনুযায়ী নিষ্পত্তি করা যায়, তার ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, তিন পক্ষের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, আশুলিয়া এলাকায় অনিবন্ধিত ট্রেড ইউনিয়ন ও এনজিওর অফিস থাকবে না। তবে নিবন্ধিতরা থাকবে, তাতে কোনো আপত্তি নেই।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, শ্রমিকনেতা আমিরুল হক প্রমুখ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিদ্দিকুর রহমান বলেন, আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনায় প্রায় ১ হাজার ৫০০ শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
গত বছরের ডিসেম্বরে আশুলিয়ায় অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়।