দেশের শ্রম আইন ও বিধিমালা শ্রমবান্ধব করার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। গতকাল রোববার সকালে পল্টনের প্রগতি সম্মেলন কেন্দ্রে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে ‘বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এবং সদ্য প্রণীত বিধিমালার আলোকে শ্রমিক ও শিল্পের পরিস্থিতি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তাঁরা এ দাবি জানান।
আয়োজক সংগঠনের সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা কাজী রুহুল আমিন। বক্তব্য দেন সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাফর, বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ প্রমুখ। বৈঠক সঞ্চালন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার।
বৈঠকে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে মালিকেরা লুটপাটের স্বাধীনতা পেয়েছেন। এর বিরুদ্ধে সব শ্রমিক-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম গড়ে তুলতে হবে। সরকার ও মালিকদের দাবি মানতে বাধ্য করতে হবে।
আলোচনায় ১০টি সুপারিশ পেশ করা হয়। এর মধ্যে রয়েছে—আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুসারে শ্রমিকদের স্বাধীনভাবে সংগঠন করার অধিকার নিশ্চিত করতে হবে। শতভাগ রপ্তানিমুখী শিল্পের শ্রমিকসহ সবাইকে প্রতিষ্ঠানের নিট লাভের ৫ শতাংশ সরাসরি কারখানা হতে দিতে হবে। প্রচলিত শ্রম আইন অনুসারে কারখানা পারিচালনা করতে হবে। চাকরির মেয়াদ এক বছরের বেশি হলেই অব্যাহতি নেওয়ার ক্ষেত্রে প্রতিবছরের জন্য এক মাসের মজুরি দিতে হবে। ট্রেড ইউনিয়নের কর্মকর্তা হতে হলে স্থায়ী শ্রমিক হওয়া বাধ্যতামূলক করা যাবে না। দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ীভাবে অক্ষম হলে ক্ষতিপূরণের ক্ষেত্রে ‘লস অব ফিউচার আর্নিং’ দিতে হবে। চিকিৎসা ও ক্ষতিপূরণ মালিককে নিশ্চিত করতে হবে। অসদাচরণের বিধান পরিবর্তন করে শ্রমিককে চাকরির নিশ্চয়তা এবং সার্ভিস বেনিফিট নিশ্চিত করতে হবে। ঠিকাদারি সংস্থা ও প্রথা বাতিল করতে হবে। বিজ্ঞপ্তি।