শ্রম আইন বাতিলের দাবি, ২৬ জুলাই দেশজুড়ে বিক্ষোভ
সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া বাংলাদেশ শ্রম (সংশোধিত) আইন, ২০১৩ বাতিলের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। গতকাল বুধবার পৃথক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, পাশ হওয়া আইনে অবাধ ট্রেড ইউনিয়ন, নেতা নির্বাচন, শ্রমিক স্বার্থের দর-কষাকষির বিষয় ও স্থায়ী কিছু অধিকার খর্ব করা হয়েছে। যা আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন ৮৭ ও ৯৭-এর পরিপন্থী। জাতীয় মুক্তি কাউন্সিলের সহসভাপতি প্রসিত বিকাশ খীসা ও সম্পাদক ফয়জুল হাকিম বলেন, সরকার মালিকদের স্বার্থে এ আইন পাস করেছে। আইনে মালিকদের অবাধে শ্রমিক ছাঁটাইয়ের অধিকার দেওয়া হয়েছে। অথচ ট্রেড ইউনিয়ন করতে এখন থেকে মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। শ্রম আইন বাতিলের দাবিতে ২৬ জুলাই দেশব্যাপী বিক্ষোভ করবে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন। ফেডারেশনের নেতারা এক বিবৃতিতে শ্রম আইন বাতিলের দাবিতে ২৬ জুলাই অনুষ্ঠেয় দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে জেলা ও থানা পর্যায়ে কমিটি গঠনের জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।