শ্রম আইন সংশোধনের উদ্যোগে স্কপ ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ক্ষোভ
গত সোমবার মন্ত্রিপরিষদ সভায় শ্রম আইন ২০০৬ সংশোধনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদনের সিদ্ধান্তে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। গতকাল মঙ্গলবার পৃথক বিবৃতিতে সংগঠন দুটি সরকারের গৃহীত উদ্যোগের পরিবর্তে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ৮৭ ও ৯৮-এর মূল বক্তব্যের আলোকে শ্রম আইন সংশোধনের দাবি জানায়।সংগঠন দুটির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিল, এই সংশোধনীর সঙ্গে তার মৌলিক বিরোধ রয়েছে। সংশোধনীতে ৫০ জনের কম শ্রমিক যেখানে নিয়োজিত রয়েছে সেখানে অংশগ্রহণমূলক কমিটি গঠন করার যে বিধান রাখা হয়েছে, তা নির্বাচিত হবে না। ওই কমিটি হবে মালিক বা কর্তৃপক্ষের ইচ্ছাধীন। অংশগ্রহণমূলক কমিটি ট্রেড ইউনিয়নের বিকল্প নয়। বিবৃতিতে আরও দাবি করা হয়, ২০০৬ সালের শ্রম আইনে ট্রেড ইউনিয়ন গঠন করার যে অধিকার দেওয়া আছে, সরকার ও মালিকদের সদিচ্ছার অভাবে শ্রমিকেরা তা ভোগ করতে পারছেন না। স্কপের পক্ষে বিবৃতি দিয়েছেন শুকুর মাহমুদ, জাফরুল হাসান, শফিউদ্দিন আহমেদ প্রমুখ। টিইউসির পক্ষে বিবৃতি দিয়েছেন সংগঠনের সভাপতি শহীদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান।