শ্রম আইন সংশোধনের প্রতিবাদে খুলনায় অবস্থান কর্মসূচি
শ্রম আইন সংশোধন করে কারাদণ্ডের বিধান রহিত করার প্রতিবাদে খুলনায় গত সোমবার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। নগরের পিকচার প্যালেস মোড়ে সকালে এ কর্মসূচির আয়োজন করে নাগরিক সমাজ।বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশে শ্রমবিষয়ক একাধিক আইন ছিল। শিল্প-সম্পর্ক অধ্যাদেশ, মজুরি পরিশোধ আইন, কারখানা আইনসহ বিভিন্ন আইনে শ্রম আইন লঙ্ঘন করলে জরিমানাসহ মালিকের বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের বিধান ছিল। সব আইন সমন্বয় করে শ্রম আইন, ২০০৬ পাস করে সাবেক তত্ত্বাবধায়ক সরকার। ওই আইনের ৩০৭ ধারায় শ্রম আইন লঙ্ঘনের জন্য মাত্র ২৫ হাজার টাকা জরিমানার বিধান করা হয়। বর্তমান সরকার এ আইন সংশোধন করে মাত্র পাঁচ হাজার টাকা জরিমানার বিধান করেছে। এতে করে নিয়োগপত্র, সার্ভিস বুক, পরিচয়পত্রসহ বিভিন্ন অধিকার থেকে শ্রমিকেরা বঞ্চিত হবেন।বক্তারা আরও বলেন, অনেক সংগ্রামের পর চিংড়ি খাতে ন্যূনতম মাসিক মজুরি দুই হাজার ৬৪৫ টাকা করা হয়েছে। কিন্তু কারাদণ্ডের বিধান না থাকলে মালিক কোনো দিনই ন্যূনতম মজুরি দেবে না। কাজেই শ্রমিকেরা চান শ্রম আইন লঙ্ঘনের অপরাধের শাস্তি হিসেবে কারাদণ্ডের বিধান পুনঃপ্রবর্তন করা হোক।মুক্তিযোদ্ধা ও নাগরিক নেতা আইনজীবী ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মনিরুল হক, রফিকুল হক, অশোক সাহা, কুদরত-ই-খুদা, খালিদ হোসেন, দিলখুশ মিঞা, মহেন্দ্রনাথ সেন, মামুনুর রহমান, মেরিনা যূথী, সুলতানুল আরেফিন, ইমরুল কায়েস, শ্যামল সরকার, রিজিয়া পারভিন, জেসমিন আক্তার, রিয়াজুর রহমান প্রমুখ।