শ্রম আইন সংস্কারের দাবি আইএলও এবং বিশ্বব্যাংকের
পোশাকশিল্প পর্যবেক্ষণে আন্তর্জাতিক একটি প্রকল্পে যোগ দিতে বাংলাদেশের করা আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বিশ্বব্যাংক। ওই প্রকল্পে যোগ দেওয়ার আগে শ্রম আইন সংস্কার এবং শ্রমিক ইউনিয়ন ব্যবস্থায় অগ্রগতির দাবি জানিয়েছে সংস্থা দুটি। আইএলওর এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট গতকাল শনিবার এ খবর জানায়।
‘বেটার ওয়ার্ক’ নামের আন্তর্জাতিক ওই প্রকল্পের আওতায় কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের পোশাক খাত ও কারখানা পর্যবেক্ষণ করা হয়। কারখানার মালিক ও ব্যবস্থাপকদের বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ ও কারিগরি সহযোগিতা দেওয়া হয়। আইএলও এবং বিশ্বব্যাংক যৌথভাবে ওই প্রকল্পটি চালায়। এতে যোগ দেওয়ার জন্য গত বছর আবেদন করেছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের শ্রম আইন অত্যন্ত দুর্বল এবং শ্রমিক ও শ্রমিক ইউনিয়নের অবস্থাও শোচনীয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। বেটার ওয়ার্ক প্রকল্পের পরিচালক ড্যান রিস বলেন, ‘এসব পরিস্থিতির উন্নতি হওয়ার আগে সেখানে প্রকল্পের কাজ শুরু করা হলে ব্যর্থ হওয়ার ঝুঁকি আছে।’ তিনি আরও বলেন, ‘সেখানকার শ্রম আইনে স্পষ্টতার অভাব আছে। এই অবস্থায় সেখানকার কারখানা পর্যবেক্ষণ এবং দ্বন্দ্ব নিরসনের সঙ্গে আমরা জড়িত হতে পারি না। কেননা এমন ক্ষমতা আমাদের দেওয়া হয়নি।’
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের শ্রম আইনের একটি বড় ধরনের সংস্কার প্রস্তাব আগামী জুনে সে দেশের পার্লামেন্টে ওঠার কথা আছে। যুক্তরাষ্ট্রসহ অন্যদের চাপেই এটা করা হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, বাইরের চাপ দেশটির ওপর প্রভাব ফেলতে শুরু করেছে। তবে এ নিয়ে খুব বেশি চাপ দেওয়ার ব্যাপারেও একধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে। কেননা তাতে করে লাখ লাখ শ্রমিকের—তাঁদের বেশির ভাগ আবার নারী, একটি শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।