শ্রম আইনের বিধিমালা জারিতে দীর্ঘসূত্রতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পোশাকশিল্পের কর্মপরিবেশ ও নিরাপত্তার উন্নয়নে বিশেষ উদ্যোগ ‘সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট’–এর কাজ এখনো শেষ হয়নি

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ ও নিরাপত্তার উন্নয়নে বিশেষ উদ্যোগ ‘সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট’ সইয়ের দুই বছর পর পরিস্থিতির উন্নয়নে বেশ কিছু অগ্রগতি হয়েছে। তবে শ্রম আইনের বিধিমালা জারির মতো গুরুত্বপূর্ণ বিষয়টির এখনো সুরাহা হয়নি।
গত ৩০ জুনের মধ্যে বিধিমালা জারির প্রতিশ্রুতি থাকলেও সরকার এখন আরও এক মাস সময় চাইছে। বিধিমালা জারি নিয়ে সরকারের এই দীর্ঘসূত্রতা বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোকে অসন্তুষ্ট করছে। আবার এ কারণে কারখানার সামগ্রিক উন্নয়নে বাংলাদেশে আইএলওর ‘বেটার ওয়ার্ক প্রোগ্রাম’ চালু হচ্ছে না।
প্রসঙ্গত, রানা প্লাজা ধসের পর ২০১৩ সালের ৮ জুলাই ইইউর উদ্যোগে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মধ্যে সময়সীমাভিত্তিক কর্মসূচি সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট সই হয়। এরপর থেকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ ও শ্রমিক স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ইউরোপের দেশগুলোকে সন্তুষ্ট করেছে। তবে বিধিমালা না হওয়ায় এটি দ্রুত জারির তাগিদ দিচ্ছে ইউরোপের দেশগুলো। সম্প্রতি ঢাকা সফরের সময় নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহায়তামন্ত্রী লিলিয়েন প্লাউমেন এবং ব্রাসেলসে এক বক্তৃতায় ইইউ বাণিজ্য কমিশনার সেসিলিয়া মেল্মস্ট্রম পরিস্থিতির সামগ্রিক উন্নয়নের জন্য দ্রুত শ্রম আইনের বিধিমালা জারি করতে বলেছেন।
ঢাকায় ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু গত মঙ্গলবার দুপুরে তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট সইয়ের দুই বছর পর ‘মিশন অ্যাকমপ্লিশড’ ভেবে আত্মতুষ্টির সুযোগ নেই। দুই বছর আগে এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে বাঁচানো গিয়েছিল। এ জন্য বেসরকারি উদ্যোক্তাসহ এর সঙ্গে জড়িত সবাইকে কৃতজ্ঞতা জানাতেই হবে। ইইউ বাণিজ্য কমিশনার ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা সবাই পরিস্থিতির উন্নতির কথা বলছেন। তবে আরও এগোনোর সুযোগ আছে। অনেক জটিল বিষয়ের সুরাহা হলেও আরও কিছু বাকি রয়েছে। এ কাজগুলোও শেষ করতে হবে।
জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থানসচিব মিকাইল শিপার গত সোমবার প্রথম আলোকে বলেন, শ্রম আইনের বিধিমালার খসড়া জুনের তৃতীয় সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি চলতি মাসে আইন মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে। প্রতিশ্রুতি অনুযায়ী ৩০ জুনের মধ্যে বিধিমালা জারির ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, নানা কারণে এটি করা যায়নি। তবে জুলাইয়ের মধ্যে যাতে এটি চূড়ান্ত করা যায়, সে চেষ্টাই চলছে।
প্রসঙ্গত, ৩০ জুনের মধ্যে বিধিমালা চূড়ান্ত করার কথা ছিল। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন-সহায়তামন্ত্রী লিলিয়েন প্লাউমেনের সফরের সময় জানান, ৩০ জুন নয়, ৩০ জুলাইয়ের মধ্যে বিধিমালা চূড়ান্ত করা হবে।
কমপ্যাক্টের অগ্রগতি: সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের অগ্রগতি ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ সংশোধনের মাধ্যমে শ্রমিকদের সংগঠিত হওয়ার সুযোগ, দর-কষাকষি ও কর্মপরিবেশের নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। কমপ্যাক্ট সইয়ের পর তৈরি পোশাকশিল্পে নতুন করে তিন শতাধিক ট্রেড ইউনিয়ন নিবন্ধিত হয়েছে। কমপ্যাক্ট সইয়ের আগের সময়ের তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি।
কারখানার নিরাপত্তার কাজটি তদারকির জন্য কারখানা পরিদর্শক পরিচালকের দপ্তরে সামর্থ্য বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে রানা প্লাজা ধসের পর ২১৮ জন নতুন পরিদর্শককে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিদর্শকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশের সাড়ে তিন হাজার কারখানা তৈরি পোশাক রপ্তানি করে। সরকারি ও বেসরকারি উদ্যোগের আওতায় আড়াই হাজার কারখানা পরিদর্শনের কাজ শেষ করা হয়েছে। এর মধ্যে নিরাপত্তাজনিত কারণে ৩২টি কারখানা বন্ধ করা হয়েছে।
বেটার ওয়ার্ক প্রোগ্রাম নিয়ে অনিশ্চয়তা: বিধিমালা জারি না হওয়ায় আইএলওর ‘বেটার ওয়ার্ক প্রোগ্রাম’ চালু অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ব্রাসেলসে অনুষ্ঠিত সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের সভায় বাংলাদেশে শ্রমের অন্যায় চর্চা, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) শ্রম আইন ও বিধিমালা জারির অঙ্গীকার করেছিল। ওই সভায় আইএলওর উপমহাপরিচালক স্যান্ড্রা পোলাস্কি উল্লেখ করেছিলেন, বিধিমালার অভাবে বাংলাদেশে ‘বেটার ওয়ার্কস প্রোগ্রাম’ চালু করা যাচ্ছে না। আর ডিসেম্বরের মধ্যে এটি না হলে আইএফসির আর্থিক সহায়তা পাওয়াটা অনিশ্চিত হয়ে পড়বে।
কিন্তু ডিসেম্বরে বিধিমালা জারি করতে ব্যর্থ হওয়ার পর সরকার এ বছরের মার্চে অঙ্গীকার করেছিল যে ৩০ জুনের মধ্যে কাজটি শেষ হবে। কিন্তু জুনের মাঝামাঝি এসে সরকার আরও এক মাস সময় বাড়িয়ে নেয়। ফলে বেটার ওয়ার্ক প্রোগ্রাম নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।