শ্রম আইনের সুষ্ঠু সংশোধনসহ নয় দফা দাবি স্কপের
শ্রম আইন ২০০৬ সংশোধনের নামে এই আইনে ‘কালো আইন’-এর চেয়েও গুরুতর কোনো ধারা যুক্ত না করার দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। তেমন কিছু হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এমনকি শ্রম আইনের সুষ্ঠু সংশোধনসহ নয় দফা দাবি অবিলম্বে বাস্তবায়িত না হলে অনির্দিষ্টকাল সড়কপথ, রেলপথ ও নৌপথে ধর্মঘট ডেকে দেশ অচল করে দেওয়া হবে।গতকাল শুক্রবার স্কপের জাতীয় সম্মেলনে এই দাবি ও হুঁশিয়ারির কথা তুলে ধরা হয়। আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ মোতাবেক শ্রম আইন ২০০৬ সংশোধন, নিরাপদ কর্মস্থল নিশ্চিত ও আট হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণাসহ নয় দফা দাবিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজধানীর বিসিআইসি মিলনায়তনে গতকাল বিকেলে আয়োজিত সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৪০টি ফেডারেশনের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা কেন্দ্রীয় নেতাদের কাছে তাঁদের দাবির সপক্ষে জোরালো ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।সম্মেলনে সভাপতিত্ব করেন স্কপের চেয়ারম্যান সফিউদ্দিন আহমেদ। তিনি মালিকপক্ষ ও সরকারকে শ্রমিকদের প্রতি সহূদয় আচরণ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘কঠোর আন্দোলনে যেতে বাধ্য করবেন না।’কর্মজীবী নারীর সভাপতি শিরিন আখতার বলেন, বছরের পর বছর, যুগের পর যুগ চলে গেলেও শ্রমিকদের দাবি পূরণ হবে না, এটা বিশ্বাসযোগ্য নয়। এমন আন্দোলন, এমন কর্মসূচি দিতে হবে, যাতে মালিকেরা শ্রমিকদের কাছে মাথা নত করতে বাধ্য হবেন। শ্রমিকদের ভোটে নির্বাচিত সরকার তাদের কথা শুনবে না, তা-ও হতে পারে না।বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান বলেন, শ্রম আইন ২০০৬ গণতান্ত্রিকভাবে পাস হয়নি। এবার সংশোধনীও অগণতান্ত্রিকভাবে পাসের চেষ্টা করা হলে কঠোর আন্দোলন হবে।জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক সফর আলী বলেন, ‘আমরা শ্রমিকদের ন্যূনতম দাবিও আদায় করতে পারি না। তারা এখনো আমাদের কাপড় খুলে নেয়নি, এটা আমাদের ভাগ্য।’জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুজ্জামান তৃণমূল পর্যায় থেকে সর্বক্ষেত্রে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকেরা বিভিন্নভাবে বিভক্ত বলে মালিকপক্ষ ও সরকার তাঁদের বঞ্চিত করার সাহস পায়।সম্মেলনে আরও বক্তব্য দেন স্কপের নেতা শহিদুল্লাহ চৌধুরী, শাহ মোহাম্মদ আবু জাফর, ওয়াজেদুল ইসলাম খান, জাফরুল হাসান, রেলওয়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মো. আলী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম শাখার সভাপতি মোহাম্মদ মামুন প্রমুখ। স্কপের সদস্যসচিব চৌধুরী আশিকুল আলম অনুষ্ঠান পরিচালনা করেন।