ঢাকার আশুলিয়ার কালার ম্যাক্স (বিডি) লিমিটেড নামের গ্যাস লাইটার প্রস্তুতকারক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অবশেষে মামলা হয়েছে। অগ্নিকাণ্ডের ছয় দিন পর গতকাল সোমবার ঢাকা জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) মেহেদি হাসান শ্রম আদালতে মামলাটি করেন। মামলায় মালিকপক্ষের তিনজনসহ চারজনকে আসামি করা হয়েছে।
গত মঙ্গলবারের এই অগ্নিকাণ্ডে দগ্ধ মাহমুদা আক্তার (২৬) নামের আরও এক শ্রমিক গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডে এক শিশু শ্রমিকসহ তিনজন মারা গেল। দগ্ধ অপর ২২ জনের মধ্যে ১৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ও পাঁচজন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, মাহমুদার শ্বাসনালিসহ শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর অবস্থায় তাঁকে বার্ন ইউনিটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রাখা হয়েছিল। দগ্ধ অন্যরাও এখনো আশঙ্কামুক্ত নন।
এদিকে গতকাল শ্রম আদালতে করা মামলায় কারখানার চেয়ারম্যান মাহমুদ আলম, ভাইস চেয়ারম্যান মাহমুদ কাওসার, ব্যবস্থাপনা পরিচালক শামীম এলাহী ও ব্যবস্থাপক নজরুল ইসলামকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, কারখানাটিতে গ্যাসের কাজে ঝুঁকি ও দুর্ঘটনায় মারাত্মক পরিণতি সম্পর্কে জানার পরও মালিক কর্তৃপক্ষ যথাযথ নিরাপত্তা বিধান না করে ব্যক্তিগত নিরাপত্তাসরঞ্জাম ছাড়া শ্রমিকদের বিপজ্জনক পরিণতিসম্পন্ন কাজে যুক্ত করেন, যা শ্রম আইন, ২০০৬-এর ৩০৭ ও ৩০৯ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।