শ্রম কর্মকর্তাদের হতে হবে নারী অভিবাসীদের রক্ষক
প্রবাসী নারী কর্মীদের স্বার্থ ও অধিকার রক্ষায় দূতাবাসের শ্রম কর্মকর্তাদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রবাসী নারীরা যেন নিপীড়ন ও নির্যাতনের শিকার না হন, এ জন্য নিয়মিত তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।
‘নারী অভিবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় শ্রম কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক নীতি নির্ধারণী সভায় বক্তারা এসব কথা বলেন। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সভার আয়োজন করে অভিবাসনবিষয়ক গবেষণা সংস্থা রামরু।
সভায় বক্তারা প্রবাসী কর্মী ও নিয়োগকর্তাদের যোগাযোগের নম্বর রাখার জন্য একটি সফটওয়্যার চালু, দূতাবাসে আশ্রয়কেন্দ্র করা, সার্বক্ষণিক যোগাযোগের জন্য নম্বর চালু রাখা, বিদেশে পাঠানোর আগে ভাষা শিক্ষা ও দক্ষতা বাড়ানোসহ বিভিন্ন সুপারিশ করেন। এ ছাড়া বিভিন্ন দেশে শ্রম কর্মকর্তাদের অভিজ্ঞতা ও ভালো কাজগুলো নিয়ে একটি নির্দেশনা তৈরি করার প্রস্তাব তুলে ধরা হয়। এসব কাজে প্রবাসী নাগরিক ও সেই দেশের নাগরিকদের সম্পৃক্ত করার প্রস্তাবও দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়–সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য ইসরাফিল আলম বলেন, ‘নারী–পুরুষ সবার জন্যই নিরাপদ অভিবাসন করতে হবে। তবে নারীরা যেহেতু বেশি সংকটে থাকেন, কাজেই বিশেষ করে ওআইসিভুক্ত দেশগুলোতে বেশি মনোযোগ দিতে হবে। একজন নারীও যেন কোনো ধরনের নির্যাতনের শিকার না হন। এ ক্ষেত্রে শ্রম কর্মকর্তাদের অবশ্যই সহযোগিতার হাত বাড়াতে হবে।’
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওম) বাংলাদেশ–প্রধান শরৎ দাস বলেন, ‘প্রবাসী নারী কর্মীদের নির্যাতন-নিপীড়নের বিষয়টি আমরা জানি। বুদ্ধিমত্তার সঙ্গে বাজার সম্প্রসারণ এবং প্রবাসীদের অধিকারের জন্য কাজ করতে হবে শ্রম কর্মকর্তাদের। তবে ব্রিটিশ আমলাতান্ত্রিক ধারণা পোষণ না করে প্রবাসী কর্মীদের মানুষ হিসেবে মর্যাদা দিতে হবে।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, দুবাইয়ের সাবেক শ্রম কাউন্সিলর নাসরিন জাহান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোহরা আক্তার, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের উপব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, বেসরকারি সংস্থা অকুপের চেয়ারম্যান শাকিরুল ইসলাম, ওয়ারবির সমন্বয়ক জেসিয়া খাতুনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।