শ্রম চাষির, মুনাফা মজুতদার ও মৌসুমি ব্যবসায়ীর
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব গ্রামের কৃষক রফিকুল ইসলাম গত মৌসুমে ৩৩ বিঘা জমিতে গ্রানুলা ও দেশি পাকড়ি (গুটি) জাতের আলুর আবাদ করেছিলেন। হাড়ভাঙা খাটুনির পর খেত থেকে সেই আলু বাজারে তুলে প্রতি কেজি গ্রানুলায় আড়াই টাকা এবং দেশি গুটি আলুতে সাত টাকা দাম পেয়েছিলেন।
চলতি বছরের মার্চে রফিকুল ইসলামের কাছ থেকে সাত টাকা দরে কেনা সেই আলুই গত বৃহস্পতিবার বগুড়ার পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হয়েছে ২৪ টাকায় (দুই হাজার টাকা বস্তা)। আরেক হাত ঘুরে বগুড়া শহরের খুচরা বাজারে এই আলু একই দিন বিক্রি হয়েছে ৩২ টাকায়।
এভাবে উৎপাদন মৌসুমে যে গ্রানুলা জাতের আলু বিক্রি করে প্রতি কেজিতে কৃষক গড়ে আড়াই টাকা পেয়েছিলেন, বগুড়ার খুচরা বাজারে সেই আলু বর্তমানে দাম উঠেছে প্রতি কেজি ২৫ টাকায়। অর্থাৎ দেশি আলুর দাম গড়ে সাড়ে চার গুণ এবং গ্রানুলার দাম ১০ গুণ পর্যন্ত বেড়েছে।
বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন বলেন, এবার উত্তরাঞ্চলের ১৯৬টি হিমাগারে চলতি মৌসুমে প্রায় এক কোটি ২৬ লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল। এসব আলুর অর্ধেকই মজুত করেছিলেন মৌসুমি ব্যবসায়ীরা। সেই হিসাবে ব্যবসায়ীদের সংরক্ষণ করা আলুর পরিমাণ ছিল ৬৩ লাখ মেট্রিক টন।
হিসাব কষে দেখা গেছে, আলু মজুত করতে হিমাগার ভাড়া, বস্তার দাম ও পরিবহন খরচসহ প্রতি কেজিতে ব্যবসায়ীদের খরচ হয়েছে সর্বোচ্চ পাঁচ টাকা। খরচ বাদ দিয়ে পাকড়িসহ সব ধরনের আলুতে ব্যবসায়ীদের কেজিপ্রতি মুনাফা থাকছে ১৮ থেকে ২০ টাকা। সেই হিসাবে কৃষকের কাছ থেকে কম দামে ৬৩ লাখ মেট্রিক টন আলু কিনে শুধু হিমাগারে রেখে ব্যবসায়ীরা মুনাফা করেছেন অন্তত ১১ হাজার কোটি টাকা। আর মৌসুমি ব্যবসায়ীদের লাভের পাল্লা তো আরও ভারী।
গত বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন হিমাগারে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে প্রতি বস্তা দেশি বীজ আলু কেনাবেচা হচ্ছে দুই হাজার ৩০০ থেকে আড়াই হাজার টাকা বস্তা দরে। এ ছাড়া গ্রানুলা এক হাজার ২০০ টাকা, ডায়মন্ড ও অ্যাসটিক এক হাজার ৭০০, পাকড়ি দুই হাজার টাকা দরে কেনাবেচা হচ্ছে।
বগুড়ার শাহসুলতান হিমাগার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল গফুর বলেন, গতবার তাঁর চারটি হিমাগারে লোকসান দিতে হয়েছে ২৮ কোটি টাকা। এবার চিত্র ভিন্ন। প্রায় সাত লাখ বস্তা আলু সংরক্ষণ করা হলেও ইতিমধ্যেই ৭০ শতাংশ আলু বের হয়েছে।
বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক চণ্ডীদাস কুণ্ড প্রথম আলোকে বলেন, এবার বন্যায় সারা দেশে রেকর্ড পরিমাণ সবজি খেত বিনষ্ট হয়েছে। এতে চাহিদার তুলনায় বাজারে সবজির ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে আলুর দামও বাড়তে পারে। তবে বীজ আলুর দাম বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ নেই।