মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সদর দপ্তর ‘লেবার হাউস’-এর কর্তৃত্ব নিয়ে শ্রম পরিদপ্তরের দেওয়া চিঠির ওপর স্থগিতাদেশ জারি করেছেন শ্রম আদালত। চা-শ্রমিক ইউনিয়নের নেতাদের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার চট্টগ্রামের শ্রম আদালত এ আদেশ দেন।সূত্র জানায়, গত ২৪ নভেম্বর শ্রম পরিদপ্তরের দেওয়া একটি চিঠির মাধ্যমে চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে বিজয় বুনার্জি ও সীতারাম অলমিক পক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে লেবার হাউসের কর্তৃত্ব নেয়। এর প্রতিবাদে নির্বাচিত কমিটি বিভিন্ন কর্মসূচি পালন করে। পাশাপাশি ১১ জানুয়ারি তারা চট্টগ্রাম শ্রম আদালতে শ্রম পরিদপ্তরের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে একটি আবেদন করে।এই আবেদনের পরিপ্রেক্ষিতে শ্রম আদালতের বিচারক আবদুল হাকিম মণ্ডল চা-শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নিয়ে সৃষ্ট জটিলতার অবসান না হওয়া পর্যন্ত লেবার হাউসের কর্তৃত্ব সম্পর্কিত শ্রম পরিদপ্তরের চিঠির কার্যকারিতা স্থগিত করেন।শ্রম আদালতে আবেদনকারী রামভজন কৈরী বলেন, এ স্থগিতাদেশের ফলে চা-শ্রমিকদের সংগঠনে গণতন্ত্র চর্চা অব্যাহত থাকবে। বিজয় বুনার্জির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ স্থগিতাদেশের বিষয়ে কিছু জানেন না বলে জানান।শ্রম পরিদপ্তরের একটি চিঠি দেখিয়ে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিজয় বুনার্জি পক্ষ ২৫ নভেম্বর লেবার হাউস দখল করে।