শ্রম বিধিমালা সংশোধনী নিয়ে শ্রমিক সংগঠনের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫-এর সংশোধনের কারণে সরকার গঠিত কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ তহবিল থেকে আর্থিক সুবিধা, প্রসূতি কল্যাণ সুবিধা, অর্জিত ছুটি না কাটানোর পরিবর্তে মজুরির পরিমাণ কমবে বলে আশঙ্কা প্রকাশ করেছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সংগঠনটির দাবি, গেজেট প্রকাশের জন্য ইতিমধ্যে বিধিমালাটি খুব গোপনীয়তার সঙ্গে সংশোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক নাহিদুল হাসান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এসব কথা গণমাধ্যমকে জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। দেশের সংবিধান, আইএলও (আন্তর্জাতিক শ্রম সংস্থা) কনভেনশন ও বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুসারে আর্থিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে শ্রম বিধিমালাটি সংশোধনের আহ্বান জানায় সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ৯৯ অনুসারে, যেসব প্রতিষ্ঠানে ১০০ জনের কম স্থায়ী শ্রমিক কাজ করেন, সেখানে মালিকপক্ষ প্রচলিত বিমা আইন অনুযায়ী ‘গ্রুপ বিমা’ চালু করবে। তবে স্থায়ী শ্রমিক ১০০ জনের বেশি হলে নিয়ম ভিন্ন। ধারা ৯৯ (৩) অনুসারে, শতভাগ রপ্তানিমুখী শিল্প খাতসহ অন্যান্য শিল্প খাতের শ্রমিকদের জন্য সরকার কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ তহবিল গঠন করবে। অসুস্থতা, পঙ্গুত্ব, মৃত্যুবরণসহ নানা কারণে শ্রমিকদের কল্যাণে সে অর্থ ব্যয় হবে। এ সুবিধা পাওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানে একজন শ্রমিকের কাজের সময়সীমা নির্ধারিত ছিল না। কিন্তু গেজেটের অপেক্ষায় থাকা সংশোধনী অনুসারে, কোনো শিল্প কারখানায় একজন শ্রমিককে সর্বনিম্ন ৯ মাস কাজ করতে হবে। এ বিধানের কারণে শ্রমিকেরা ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হবে।

বিবৃতি অনুসারে, শ্রম আইনে প্রসূতি কল্যাণ সুবিধা দেওয়ার ক্ষেত্রে, সে নারী শ্রমিকের তিন মাসের গড় মজুরিকে (বেতন, অতিরিক্ত কর্মঘণ্টা, হাজিরা বোনাসসহ অন্যান্য ভাতা) এ সময়ের প্রকৃত কর্মদিবস দিয়ে ভাগ করে যে অর্থ আসে, সে পরিমাণ অর্থ প্রদান করা হতো। কিন্তু সংশোধন হতে যাওয়া বিধিমালায় শ্রমিকের মোট মজুরিকে ২৬ কর্মদিবস দিয়ে ভাগ করা হচ্ছে। এতে অর্থের পরিমাণ কমে যাবে। শিল্পে কর্মরত লাখ লাখ নারী শ্রমিক ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হবেন।