শ্রম মন্ত্রণালয়ে আইএলও প্রতিনিধি দলের বৈঠক
বাংলাদেশের শ্রমমান ও কর্মপরিবেশের নিরাপত্তা সম্পর্কে জানতে আইএলওর সফররত প্রতিনিধিদল গতকাল রোববার শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা, কারখানার মালিক ও শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) শ্রমমান-সংক্রান্ত ৮১ নম্বর সনদ বাস্তবায়নে বাংলাদেশ কেমন করছে, সেটি জানতে ও বুঝতে ডিরেক্ট কন্টাক্টস মিশন (ডিসিএম) নামের এই প্রতিনিধিদল চার দিনের সফরে গত শনিবার ঢাকায় এসেছে।
ক্যারন মোনাঘেনের নেতৃত্বে আইএলওর চার সদস্যের প্রতিনিধিদল গতকাল সকালে প্রথমে শ্রম ও কর্মসংস্থানসচিব মিকাইল শিপারের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করে। এরপর প্রতিনিধিদলের সদস্যরা শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে মন্ত্রণালয়ে তাঁরা কারখানা পরিদর্শক পরিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
শ্রম ও কর্মসংস্থানসচিব তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, গত বছরের জুনে আইএলও সম্মেলনে শ্রমমান-সংক্রান্ত সনদ ৮১ বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান দেখতে ডিরেক্ট কন্টাক্টস মিশন পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। সেই অনুযায়ী পরিস্থিতি দেখতে প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে।
গত দুই বছরে শ্রম আইন সংশোধন, শ্রম আইন বাস্তবায়নে বিধি জারি, কারখানা পরিদর্শকের কার্যালয়ের জনবল বাড়ানো, কারখানাগুলোর নিরাপত্তা পরিদর্শন, অনিরাপদ কারখানা বন্ধসহ এ বিষয়ে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের তথ্য আইএলও প্রতিনিধিদলকে দেওয়া হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে সরকার যেসব পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে, সেগুলোও তাদের জানানো হয়েছে।
মূলত রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক কারখানার শ্রমমান ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় ডিসিএমের ঢাকা সফরের সিদ্ধান্ত হয়।
সফর শেষে ক্যারন মোনাঘেন জেনেভায় একটি প্রতিবেদন জমা দেবেন। নভেম্বরে ওই কমিটির পাশাপাশি আইএলওর বোর্ডসভায়ও ওই প্রতিবেদন নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া আগামী বছর আইএলও সম্মেলনেও প্রতিবেদনটি নিয়ে আলোচনা হবে।