হরতালকে কেন্দ্র করে শ্রমজীবী ও সাধারণ মানুষের ওপর সহিংসতার ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। এসব সহিংসতা বন্ধ করার জন্য রাজনৈতিক দলগুলোকে নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।গতকাল বুধবার কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান এক বিবৃতিতে ওই দাবি জানান। তাঁরা বলেন, হরতালে সহিংসতার শিকার হচ্ছেন শ্রমজীবী মানুষ। ফেনীতে পিকেটারদের হাতে আক্রান্ত হয়ে চালক নূর মোহাম্মদ মারা গেছেন। গত সোমবার পিকেটাররা ঢাকায় একটি পিকঅ্যাপ ভ্যানে আগুন দিলে সোহেল নামে এক শ্রমিক দগ্ধ হন। তিনি হাসপাতালে কাতরাচ্ছেন। এর আগেও এভাবে অনেক শ্রমিক হতাহত হয়েছেন।বিবৃতিতে আরও বলা হয়, ‘জামায়াত-শিবিরের নেতৃত্বে যে তাণ্ডব চলছে, তাতে শ্রমজীবী মানুষসহ সব নাগরিক হামলার শিকার হচ্ছে। এমনকি স্বাধীনতা দিবসেও শ্রমজীবী মানুষ হামলার শিকার হয়েছেন। রাজনৈতিক দলগুলোর কাছে তাই আহ্বান, আপনাদের কর্মী-সংগঠকদের নির্দেশনা দেন, যাতে শ্রমিকদের সঙ্গে মানবিক আচরণ করা হয় এবং তাঁদের জীবিকার অবলম্বন নষ্ট করা না হয়।’শ্রমিকনেতারা সরকারের প্রতি শ্রমজীবী মানুষের জানমাল রক্ষায় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।