শ্রমজীবী শিশুদের লেখাপড়ায় পথশিশু সেবা সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার সদরঘাট টার্মিনালের দ্বিতীয় তলায় পথশিশুদের পড়াশো​না করাচ্ছে ‘পথশিশু সেবা সংগঠন’ l প্রথম আলো
পুরান ঢাকার সদরঘাট টার্মিনালের দ্বিতীয় তলায় পথশিশুদের পড়াশো​না করাচ্ছে ‘পথশিশু সেবা সংগঠন’ l প্রথম আলো

সকাল নয়টা। পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের সবাই কর্মব্যস্ত। এর মধ্যে এক তরুণ কয়েকজন পথশিশু নিয়ে টার্মিনালের দ্বিতীয় তলায় উঠছেন, যেখানে আগে থেকে বসে রয়েছে আরও ১৫ থেকে ২০ পথশিশু। সোয়া নয়টা বাজতেই শুরু হলো পাঠদান। ‘অ, আ, ক, খ’ ও ছবি আঁকা, নাম-ঠিকানা লেখা শেখাতে শুরু করলেন কয়েকজন তরুণ।
গত শুক্রবারের চিত্র এটি। ২০০৭ সাল থেকে পথশিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু সেবা সংগঠন।’ প্রতি শুক্রবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালের দ্বিতীয় তলায় চলে তাদের এ কার্যক্রম। তবে গতকাল শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে এই পথশিশুদের নিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ছবি আঁকা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সংগঠনটি। তারা জানিয়েছে, গতানুগতিক শিক্ষার বাইরে মাদক পরিহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ, গাছ লাগানো, শিশুদের স্বপ্ন, মৌলিক অধিকার, মানসিক ও শারীরিক বিকাশ, খেলাধুলা, ট্রাফিক সিগন্যালসহ সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে শিশুদের বুদ্ধিবৃত্তিক পাঠদান করানো হয়।
২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে এ সংগঠনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ আকরাম হোসেন। তিনি বলেন, ‘পথশিশুদের অধিকার আদায়ে নিজ থেকে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছি। কারণ, পথশিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের ছাড়া আমরা ভালো থাকতে পারি না। তারা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ। এভাবে দেশকে পথশিশু মুক্ত করা যাবে।’
পথশিশু সেবা সংগঠন সূত্র জানায়, বর্তমানে রাজধানীর পাঁচটি জায়গায় তাদের এ কার্যক্রম চলে। এর মধ্যে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত সদরঘাট টার্মিনালে। বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে। শনিবার বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কারওয়ান বাজারের ওয়াসা ভবনে। মঙ্গলবার বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গাবতলী বাসস্ট্যান্ড। বুধবার বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত নিউমার্কেটের ছাদে। এতে ৬০ জন স্বেচ্ছাসেবী কাজ করেন। তাঁদের অধিকাংশই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
পথশিশু মোহাম্মদ সুজন বলে, ‘এখানে পড়াশোনা করতে ভালো লাগে। খেলাধুলাও করতে পারি। ছবি আঁকতে পারি। ভাইয়ারা (স্বেচ্ছাসেবীরা) ওষুধও দেয়।’ বাকি দিনগুলোতে কী করে জানতে চাইলে, সে বলে, ‘আমি সদরঘাটে মাল টানি’।
স্বেচ্ছাসেবক চাকরিজীবী কবির হোসাইন বলেন, ‘সাধারণ সেবা হিসেবে আমরা প্রথমে বাচ্চাদের সঙ্গে সম্পর্ক তৈরি করি। এরপর তাদের প্রাথমিক চিকিৎসা ও বিভিন্ন শেল্টার হোমে আবাসনের ব্যবস্থা করি। পাশাপাশি নির্দিষ্ট স্থান ও সময়ে তাদের পড়াশোনা করানো হয়।’
জানতে চাইলে পথশিশু সেবা সংগঠনের কোষাধ্যক্ষ ব্রিজেট কোরাইয়া প্রথম আলোকে বলেন, ‘২০১৭ সালের ২৭ এপ্রিল ইতালিয়ান এক মিশনারির উদ্যোগে আমাদের এ সংগঠনের যাত্রা শুরু হয়। ঢাকার মতো দেশের অন্যান্য শহরগুলোতেও আমরা পথশিশুদের জন্য এই সেবা ছড়িয়ে দিতে চাই।’