কক্সবাজারের উখিয়ার শ্রমবাজার মিয়ানমারের রোহিঙ্গা শ্রমিকদের দখলে চলে গেছে। সস্তা হওয়ায় পরিবহন, নির্মাণ, হোটেল-রেস্তোরাঁ, বাসাবাড়ি, এমনকি গ্রামাঞ্চলের খেতখামারের কাজেও লাগানো হচ্ছে রোহিঙ্গা শ্রমিকদের। এতে করে বেকার হয়ে পড়েছেন হাজারো দেশি শ্রমিক। এ অবস্থায় রোহিঙ্গা শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ মে দিবসে শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে উখিয়া হোটেল শ্রমিক ইউনিয়ন।স্থানীয় শ্রমিকেরা জানান, মিয়ানমারের ঢেকিবনিয়া, সাহেববাজার, মংডু, আকিয়াব, বুচিধংসহ বিভিন্ন এলাকা থেকে রোহিঙ্গারা সীমান্তের কাঁটাতাঁরের বেড়া অতিক্রম করে উখিয়ায় চলে আসছে। এ ছাড়া বাংলাদেশের ভেতরের বিভিন্ন শরণার্থীশিবির ও বস্তিতে অবস্থান নেওয়া রোহিঙ্গারাও শ্রমিক হিসেবে কাজ করছে। তুলনামূলক পারিশ্রমিক কম নেওয়ায় স্থানীয়দের বাদ দিয়ে রোহিঙ্গাদের কাজে লাগাচ্ছে মানুষ। যদিও ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) ছাড়া রোহিঙ্গাদের এ দেশে কাজ করার অনুমতি নেই।খোঁজ নিয়ে জানা গেছে, উখিয়ায় কাজভেদে একজন দেশি শ্রমিককে দৈনিক ২৫০ থেকে ৪০০ টাকা মজুরি দিতে হয়। সেখানে একজন রোহিঙ্গাকে দৈনিক ১০০ থেকে ২০০ টাকা মজুরি দিলেই চলে।রোহিঙ্গা হোটেল শ্রমিক জয়নাল উদ্দিন (২৯) বলেন, ‘এখানে কাজ করে যা পাই, তাই লাভ। মালিকেরা আমাদের কাজের বিনিময়ে খাবার দেন, কখনো ক্যাম্প থেকে নিয়ে আসেন।’উপজেলার রাজাপালং ইউনিয়নের কৃষিশ্রমিক কবির আহমদ (৪০) বলেন, ‘কম দামে রোহিঙ্গাদের পেয়ে খেতের মালিকেরা আমাদের কাজে ডাকেন না।’হোটেলশ্রমিক আবদুল হক (৩০) জানান, কম বেতনে রোহিঙ্গাদের দিয়ে কাজ করাতে পেরে হোটেলের মালিকেরা স্থানীয়দের কাজ দেন না। তাই পেটের দায়ে তাঁরাও কম বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন।নুরুল হোটেলের মালিক কবির আহমদ বলেন, রোহিঙ্গাদের কম বেতনে পাওয়া যায়। আবার স্থানীয় শ্রমিকেরা যথাসময়ে কাজে আসেন না, মালিকের কথাও শোনেন না। এসব কারণেই রোহিঙ্গাদের কাজে লাগানো হয়।উখিয়া হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ছৈয়দ নূর বলেন, সরকারের আইন করা উচিত, যাতে জাতীয় পরিচয়পত্র ছাড়া কেউ শ্রমিক হিসেবে নিয়োগ না পান। উখিয়ার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ থেকে রোহিঙ্গা শ্রমিকদের বিতাড়িত করা এবং স্থানীয় শ্রমিকদের পরিচয়পত্র দেওয়ার দাবিতে মে দিবসে শ্রমিক সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।উখিয়া রোহিঙ্গা প্রত্যাবাসন ও অনুপ্রবেশ প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, রোহিঙ্গাদের কারণে দেশীয় শ্রমিকেরা বেকার হয়ে পড়ছেন। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা দরকার।উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, কোনো রোহিঙ্গা ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করলে তাঁর ও নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শাহজালাল চৌধুরী বলেন, ভবিষ্যতে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় রোহিঙ্গা শ্রমিকদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।কক্সবাজার জেলা প্রশাসক মো. জয়নুল বারী প্রথম আলোকে বলেন, শরণার্থীশিবিরের চারপাশে সীমানাপ্রাচীরের বিষয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এ ছাড়া হোটেল-মোটেল ও বাসাবাড়িতে রোহিঙ্গাদের কাজে না নেওয়ার জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।