
দেশের শ্রমবাজারে ১৯৮৩ সালে নারীদের অংশগ্রহণ ছিল শতকরা ৮ ভাগ। বর্তমানে তা ৩৬ ভাগের বেশি। একই সঙ্গে দেশ তলাবিহীন ঝুড়ি থেকে শক্ত অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়াতে শুরু করেছে। শ্রমবাজারে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দেশের জিডিপি কয়েক গুণ বৃদ্ধি করা সম্ভব।
বাংলাদেশে চাকরি ক্ষেত্রে সমান সুযোগ’ শীর্ষক সেমিনারে গতকাল বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রধান গবেষক ফাহমিদা খাতুন এ কথা বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও প্রথম আলো জবসের যৌথ আয়োজনে ২৬ ও ২৭ অক্টোবর পেশা মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পেশা মেলাকে উদ্দেশ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। পেশা মেলার বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন: www.chakri.com
কর্মক্ষেত্রে নারীদের প্রতিবন্ধকতা সম্পর্কে ফাহমিদা খাতুন বলেন, নারীদের গড় বেতন পুরুষদের বেতনের ৫০ ভাগ। মাতৃত্বকালীন ছুটি সব কর্মক্ষেত্রে না থাকায় অনেক সম্ভাবনাময় নারী আবার তাঁদের পেশায় ফিরে আসতে পারছেন না। তিনি সমস্যা সমাধানে যথাযথ পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়নের সক্ষমতা অর্জন, পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও মানসিকতা পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও মানবিক বিভাগের প্রধান ফিরদৌস আজিম বলেন, কর্মক্ষেত্রে ও তাতে প্রবেশের সময় নারীরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হন। সমাজসচেতনতা ও অধিকার আদায়ে নারীদের দৃঢ় মানসিকতা এ অবস্থার পরিবর্তনে প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। সেমিনারে বক্তব্য দেন ব্র্যাকের মানবাধিকার ও আইনি সহায়তা সেবার জ্যেষ্ঠ কর্মসূচি পরিচালক ইশিতা ইসলাম, পিএইচডি গবেষক নাদিন মুরশিদ। উপস্থিত ছিলেন প্রথম আলো জবসের হেড অব অপারেশনস হোমায়রা শারমিন। সঞ্চালনায় ছিলেন ব্র্যাকের ক্যারিয়ার সার্ভিসেস অফিসের উপদেষ্টা কুমার মুরশিদ।