এ বছর শতাংশের হিসাবে জেন্ডার বিষয়ে বরাদ্দ কমে গেছে। এ ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর জন্য নারী আন্দোলনের দাবি থাকতে পারে। তবে বাজেট বাড়লেই তা কতটুকু ফলপ্রসূ হবে, তা-ও মূল্যায়ন করতে হবে। এ ছাড়া শ্রমবাজারে নারীর অন্তর্ভুক্তি বাড়াতে হবে।
গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদে বাজেট নিয়ে এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন: জাতীয় বাজেট ২০১৬-১৭’ শীর্ষক আলোচনার আয়োজন করে মহিলা পরিষদ।
বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম বলেন, বাজেট বাড়লেই তা কতটুকু ফলপ্রসূ হবে, তা-ও মূল্যায়ন করতে হবে। তিনি বলেন, দেশে যেভাবে বিউটি পারলার, কিন্ডারগার্টেন স্কুল খোলা হচ্ছে, সেভাবে শ্রমজীবী দম্পতিদের সন্তানদের জন্য দিবাযত্ন কেন্দ্র খোলা হচ্ছে না। একে শিল্প হিসেবে উল্লেখ করে সব ধরনের সহায়তা দেওয়া প্রয়োজন।
জেন্ডার বাজেটে নারীরা কতটুকু উপকৃত হয়েছেন, তা আলোচনায় আসা উচিত বলে মত দেন আলোচনা সভার সভাপতি ও মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম।
মূল বক্তব্য উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নিলোর্মী। তিনি বলেন, মোট দেশজ উৎপাদন (জিডিপি) যতটা এগোচ্ছে, বিনিয়োগ ততটা বাড়ছে না। কর্মসংস্থান সেভাবে বাড়েনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাজমা বেগম বলেন, নারীর দক্ষতা বাড়লে ও অন্যের ওপর নির্ভরতা কমলে তখনই বলা যাবে জেন্ডার সংবেদনশীল বাজেট।
বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক সায়মা হক বিদিশা বলেন, ৩৬ মিলিয়ন নারী এখনো শ্রমবাজারের বাইরে। তাঁদের শ্রমবাজারে আনতে হবে। তিনি নারীর গৃহশ্রমকে জিডিপিতে অন্তর্ভুক্ত করার তাগিদ দেন।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ রিসার্চ ফেলো নাজনীন আহমেদ বলেন, নারীরা যে নেতৃত্ব দিতে পারেন, সে বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে।
আলোচনা সভায় মহিলা পরিষদের সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নারীনেত্রীরা অংশ নেন।