শ্রমবাজারের চাহিদা বিশ্লেষণে আলাদা ইউনিট গঠনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কর্মপরিবেশ, কাজ অনুসারে ন্যায্য বেতনের নিশ্চয়তা এবং শ্রম অধিকারের মতো বিষয়গুলোর দিকে বিশেষ নজর দিতে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিশ্লেষণের জন্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আলাদা একটি ইউনিট গঠনের কথা বলেন।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, অভিবাসী কর্মীদের জন্য কর্মসংস্থানের বিষয়টি অনেকাংশে নির্ভর করে নিয়োগকারী দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থা, সে দেশের চলমান উন্নয়ন কার্যক্রম, সামাজিক চাহিদা ইত্যাদির ওপর। আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি, শ্রমবাজারের গতি-প্রকৃতি—এগুলোও কর্মী চাহিদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিশ্লেষণ করার জন্য মন্ত্রণালয়ের একটি ইউনিট বা টিম কাজ করতে পারে।
এ ছাড়া দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফেরা কর্মীদের সামাজিক ও আর্থিকভাবে সংশ্লিষ্ট করার জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মন্ত্রী।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘আমরা জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর একটা প্রবণতা লক্ষ্য করি যে তাদের কাছে অনেক সময় জাতীয় স্বার্থের চেয়ে ব্যবসায়িক স্বার্থ বড় হয়ে ওঠে। আমরা যেখানেই যাব, সেখানে সম্মানের সঙ্গে কাজ করতে চাই। যাঁরা আমাদের কাজে নিচ্ছেন, তাঁরা আমাদের দয়া দেখাচ্ছেন না। তাই জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কর্মপরিবেশ, কাজ অনুসারে বেতন ও শ্রম অধিকারের বিষয়গুলোর দিকে খেয়াল রাখাটা জরুরি।’
বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম নিরাপদ অভিবাসনের ওপর গুরুত্ব দেন।
সভায় সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম। তিনি বলেন, বর্তমানে বিশ্বের ১৬০টি দেশে প্রায় ৯৬ লাখ বাংলাদেশি কর্মসংস্থানে নিয়োজিত আছেন। এ বছর প্রবাসীদের পাঠানো আয় (রেমিট্যান্স) দেড় হাজার কোটি মার্কিন ডলারে গিয়ে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বিদেশে যেতে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষা ও সংস্কৃতির ওপর দখল আনার জন্য বিশেষ গুরুত্ব দেন।
সভা চলাকালে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, সেখানকার আওয়ামী লীগের তিন নেতা ও একজন প্রবাসী নারী শ্রমিকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। ওমানে প্রায় সাড়ে ছয় লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের নেতারা অভিযোগ করে বলেন, ঢাকায় বিমানবন্দরে বিদেশফেরত শ্রমিকদের সম্মান করা হয় না। তাঁদের নানাভাবে হেনস্তা করেন বিমানবন্দরের কর্মীরা। এ ছাড়া বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য নির্ধারিত ফি বেশি হওয়ায় অনেকে অবৈধভাবে টাকা পাঠানোর পথ বেছে নেন।
ভিডিও কনফারেন্সে একজন নারী শ্রমিক মন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আমরা এখানে ভালো নেই। আমাদের অনেক অত্যাচার-নির্যাতনের মধ্যে থাকতে হয়।’
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশনপ্রধান শরৎচন্দ্র দাস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বেগম শামসুন নাহার, ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক এবং জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি আবুল বাসার।
আলোচনা সভার আগে অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। সভা শেষে সম্মেলন কেন্দ্রে অভিবাসন মেলার উদ্বোধন করেন খন্দকার মোশাররফ। এ ছাড়া অভিবাসীদের কল্যাণে বিশেষ অবদানের জন্য বেসরকারি সংস্থা ব্র্যাকের জেন্ডার, জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক শীপা হাফিজার হাতে সম্মাননা স্মারক এবং প্রবাসীদের সন্তানের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন তিনি।