শ্রমমন্ত্রীর চ্যালেঞ্জ
শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমার বাবা রাজাকার ছিলেন, এ কথা কেউ প্রমাণ করতে পারলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব।’শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন হলে ফরিদপুর সদরের ১৫২টি মণ্ডপে সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।শ্রমমন্ত্রী বলেন, ‘আমাদের ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ৫৪ জন ব্যক্তিকে হত্যা করার জন্য সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছিল। আমার বাবা সে হত্যাকাণ্ড ঠেকাতে সক্ষম হয়েছিলেন।’ তিনি বলেন, ‘তবে এ কথা সত্যি যে শান্তি কমিটির তালিকায় আমার বাবার নাম ছিল। সে সময়ে যাঁরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, তাঁদের ইচ্ছা বা অনিচ্ছায় হোক, সবার নামই ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। তখনকার পরিস্থিতিতে এর বিরোধিতা করার কোনো উপায় ছিল না।’নিজের ভাই প্রসঙ্গে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমার সৌভাগ্য যে আমি মোহতেশাম হোসেনের মতো একজন ভাই পেয়েছি। সে বয়সে আমার চেয়ে অনেক ছোট। কিন্তু তার ওপর এলাকার দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্ত আছি। তাকে দিয়ে সব কাজ ঠিকমতো করিয়ে নিতে পারছি।’মুক্তিযুদ্ধের সময় শ্রমমন্ত্রীর বাবা কৈজুরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন। শ্রমমন্ত্রীর অবর্তমানে তাঁর ভাই মোহতেশাম হোসেন উন্নয়নমূলকসহ সব ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে থাকেন বলে অভিযোগ আছে।জেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক সুবল সাহার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন, শ্রমমন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেন, ফরিদপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ভার্গবানন্দ।