ফরিদপুর জেলা আওয়ামী লীগের একটি অংশের নেতারা শ্রমমন্ত্রীর প্রতি সব ধরনের বিরোধ মিটিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। দলটির এক নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত সোমবার আয়োজিত এক স্মরণসভায় তাঁরা এ আহ্বান জানান। স্মরণসভা হলেও এতে শ্রমমন্ত্রী বিরোধী ওই অংশ শক্তির মহড়া দেখিয়েছেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। সোমবার বিকেলে শহরের আলীপুর মোড়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়। বিকেল চারটায় এ সভা শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা সোয়া সাতটায়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান শামসুল হক। সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নূর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক সমীর বোস, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার মঞ্জুর আলী, মুক্তিযোদ্ধা সালাহউদ্দীন আহমেদ বক্তব্য দেন। স্মরণসভায় ফরিদপুর-২ আসনের সাংসদ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর বক্তব্য দেন। পাঁচ সহস্রাধিক মানুষ এ সভায় যোগ দেয়। এর উল্লেখযোগ্য একটি অংশ এসেছে নগরকান্দা, সালথা ও ভাঙ্গা এলাকা থেকে। এ তিনটি উপজেলা আওয়ামী লীগের দুই সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী ও কাজী জাফরউল্লাহর এলাকা বলে পরিচিত। সভায় আয়মন আকবর জেলা আওয়ামী লীগের বিবদমান অংশগুলোকে একসঙ্গে বসে বিরোধ মিটিয়ে ফেলার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘আসুন একসঙ্গে বসে বিরোধ মিটিয়ে ফেলি।’আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বিপুল ঘোষ শ্রমমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘সামনে নির্বাচন। রাজনীতি বা নির্বাচন করতে হলে এখনই নিজের কাজের মূল্যায়ন করুন। আপনি বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়, আপনি উদ্যোগ নিলে আওয়ামী লীগের স্বার্থে বসতে পারি।’ প্রত্যক্ষদর্শীরা জানান, সভায় হাসিবুল হাসানকে স্মরণের পাশাপাশি বেশির ভাগ বক্তাই শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, তাঁর ভাই খন্দকার মোহতেশাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীনসহ জেলা আওয়ামী লীগের শ্রমমন্ত্রী-সমর্থিত নেতাদের সমালোচনা করে বক্তব্য দেন। ফলে এ সভা দ্বিধাবিভক্ত জেলা আওয়ামী লীগের শ্রমমন্ত্রী-সমর্থিত অংশের শক্তি প্রদর্শনের মহড়ায় পরিণত হয়।শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বড় দলে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু আমি কখনোই অনৈক্যের কথা বলিনি। তাদের যদি কোন প্রশ্ন থাকে তারা যেকোনো সময় যেকোনো জায়গায় আমার সঙ্গে আলোচনা করতে পারে।’