শ্রমমান দেখতে ঢাকায় আইএলও প্রতিনিধি দল
বাংলাদেশের কারখানার কর্মপরিবেশের নিরাপত্তা ও শ্রমমান পরিস্থিতি দেখতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) চার সদস্যের একটি প্রতিনিধি দল আজ শনিবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন। চার দিনের সফরের সময় ডাইরেক্ট কন্টাক্টস মিশন (ডিসিএম) নামে পরিচিত আইএলওর ওই প্রতিনিধি দল শ্রম প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট একাধিক মন্ত্রণালয় ও বিভাগ এবং মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।
প্রতিনিধি দলটি তাঁদের সফর শেষে আইএলও সনদ অনুসরণ করে শ্রমমান ও কারখানার নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ কেমন করছে সেটি উল্লেখ করে জেনেভায় একটি প্রতিবেদন জমা দেবেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইএলও মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে সংস্থার সনদ বাস্তবায়ন ও সুপারিশ বিষয়ক বিশেষজ্ঞ কমিটির অন্যতম সদস্য ও আইনজীবী জজ ক্যারন মোনাঘেন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
খসড়া সফরসূচি অনুযায়ী ডিসিএম কাল রোববার সকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের সঙ্গে তাঁর সচিবালয়ের দপ্তরে আলোচনা করবেন। এরপর মন্ত্রণালয়ে কারখানা পরিদর্শক পরিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। দুপুরে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এবং সন্ধ্যায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আইএলও প্রতিনিধি দল আলোচনা করবেন।
শ্রম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বুধবার প্রথম আলোকে বলেন, গত বছরের জুনে আইএলও সম্মেলনে শ্রম মান সংক্রান্ত সনদ ৮১ বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান দেখতে ডাইরেক্ট কন্টাক্টস মিশন পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। সেই অনুযায়ী গত বছরের দ্বিতীয়ার্ধেই প্রতিনিধি দলকে বাংলাদেশ পাঠানোর অনুরোধ জানিয়েছিল জেনেভার আইএলওর সদর দপ্তর। মূলত রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক কারখানার শ্রম মান ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠায় ডিসিএমের ঢাকা সফরের সিদ্ধান্ত হয়।