বাংলাদেশের কারখানার কর্মপরিবেশের নিরাপত্তা ও শ্রমমান পরিস্থিতি দেখতে আজ শনিবার চার দিনের সফরে ঢাকায় আসছে আইএলওর উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল। ডিরেক্ট কন্টাক্টস মিশন (ডিসিএম) নামে পরিচিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) চার সদস্যের প্রতিনিধিদলটি সফর শেষে জেনেভায় প্রতিবেদন দেবে। আইএলও সনদ অনুসরণ করে শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশ কেমন করছে, সেটির উল্লেখ থাকবে ওই প্রতিবেদনে। ওই প্রতিবেদন নিয়ে আগামী বছর আইএলওর সম্মেলনে আলোচনা হবে।
শ্রম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বুধবার প্রথম আলোকে বলেন, গত বছরের জুনে আইএলও সম্মেলনে শ্রমমান-সংক্রান্ত সনদ ৮১ বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান দেখতে ডিসিএম নামের প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। সেই অনুযায়ী গত বছরের দ্বিতীয়ার্ধেই প্রতিনিধিদলকে বাংলাদেশে পাঠানোর অনুরোধ জানিয়েছিল জেনেভার আইএলওর সদর দপ্তর। মূলত রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক কারখানার শ্রমমান ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় ডিসিএমের ঢাকা সফরের সিদ্ধান্ত হয়।
জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনে যোগাযোগ করে জানা গেছে, আইএলওর সনদ বাস্তবায়নে একটি দেশের সমস্যা সম্পর্কে খোঁজ নেওয়া; বিশেষ করে সনদ সই করার পর দেশটি তা মানছে কি না, তা দেখতে সংস্থার মহাপরিচালকের একজন প্রতিনিধি ডিসিএমের নেতৃত্ব দেন। ওই প্রতিনিধি দেশটি সফরের পর বিশেষজ্ঞ কমিটির কাছে প্রতিবেদন জমা দেন, যা নিয়ে পরে বিভিন্ন স্তরে আলোচনা করে সমস্যার সমাধান করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার জানান, ডিরেক্ট কন্টাক্টস মিশনের কর্মপরিধি সম্পর্কে নিশ্চিত হওয়ার পর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ এ সফরে সম্মতি দেয়।
শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চার সদস্যের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আইএলওর সনদ বাস্তবায়ন ও সুপারিশবিষয়ক বিশেষজ্ঞ কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট আইনজীবী জজ ক্যারন মোনাঘেন। তাঁর সঙ্গে থাকছেন আইএলও সদর দপ্তরের আইন কর্মকর্তা সিসকা ডুবার্ট, আন্তর্জাতিক শ্রমমান বিশেষজ্ঞ কোয়েন কমপিয়ার এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিশেষজ্ঞ আমিন আল রেইডাট।
জেনেভার একটি কূটনৈতিক সূত্র বৃহস্পতিবার জানিয়েছে, ডিরেক্ট কন্টাক্টস মিশন মূলত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, মালিক ও শ্রমিক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক এবং সরেজমিনে পরিদর্শনের কাজ করবে ১৮ থেকে ২০ অক্টোবর। প্রস্তুতির অংশ হিসেবে ১৭ অক্টোবর সন্ধ্যায় আইএলওর ঢাকার কর্মকর্তাদের নিয়ে আলোচনায় বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবে।
খসড়া অনুযায়ী সফরের শুরুতে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আইএলও প্রতিনিধিদল বৈঠক করবে এবং তাদের শেষ বৈঠকটিও হবে একই মন্ত্রণালয়ের সঙ্গে। মাঝখানে প্রতিনিধিদলটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়, কারখানা পরিদর্শক পরিদপ্তর, শ্রম আদালত, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি, অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।