তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিরাপত্তা ও তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধার একটা মূল্য আছে। শ্রমিকদের সেই প্রাপ্যটা বুঝিয়ে দিতে হবে। তা ছাড়া বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমমানের উন্নতির স্বার্থে এ শিল্প নিয়ে হতাশার সমাপ্তি ঘটাতে হবে। ফ্রান্সের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ফ্রাসোঁয়া জিমেরি গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ অভিমত দিয়েছেন। দুদিনের সফর শেষে ঢাকা ছাড়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি দূতাবাস এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।সাভারে রানা প্লাজা ধসে হতাহতের ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রমমানের উন্নতিতে বাংলাদেশকে কীভাবে সহায়তা করা যায়, তা দেখতে ফ্রাসোঁয়া জিমেরি গত সোমবার ঢাকায় আসেন। তিনি সাভারে বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত লোকজনকে দেখতে হাসপাতালে যান। কথা বলেছেন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও। এর পাশাপাশি জাতিসংঘ মানবাধিকার কমিশনে শুনানি-পরবর্তী প্রেক্ষাপটে এ দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন।ফ্রান্সের বিশেষ দূত দুর্ঘটনার পর ক্রেতাদের পক্ষ থেকে কোনো কোনো দেশের পণ্য বর্জনের ব্যাপারে শোরগোলের সমালোচনা করেন। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত পণ্যটি যে ক্রেতা ব্যবহার করেন, তিনি জানেন না কী পরিস্থিতিতে ওই পণ্যটি উৎপাদিত হচ্ছে। এ অজ্ঞতার অবসান হওয়া উচিত। আমাদের পরিস্থিতিটা জানতে হবে। আমি বর্জনের পক্ষে নই। তবে এটুকু বলতে পারি, ব্র্যান্ডগুলো ও তাদের দেশের লোকজন আবেগতাড়িত হয়ে প্রতিক্রিয়া দেখায়, বাস্তবতার নিরিখে নয়।’ পরিস্থিতির উন্নয়নে পোশাক বিক্রেতা ও ক্রেতাদের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পোশাকশিল্পে হতাশার পরিসমাপ্তি ঘটাতে হবে।শ্রমমানের উন্নতিতে শ্রমিকদের বেশি মজুরি দিলে গুণগত পরিবর্তন ঘটবে কি না, জানতে চাইলে ফ্রাসোঁয়া জিমেরি বলেন, ‘অবশ্যই। দেশে ফিরে গিয়ে আমার প্রথম কাজ হবে রানা প্লাজায় যেসব কোম্পানি ও ব্র্যান্ডের লেবেল পাওয়া গিয়েছিল, তাদের দায়িত্ব পালনের আহ্বান জানানো। ওই সব প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দিতে হবে। এটা অনস্বীকার্য যে শ্রদ্ধার একটা মূল্য আছে। আর ক্রেতাদেরই সেই মূল্যটা পরিশোধ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এ নিয়ে অজ্ঞতা, উদাসীনতা ও আত্মতুষ্টির দিন শেষ হয়ে গেছে। আমি এসেছি ক্রেতাদের অংশ থেকে। আমার মতে, ব্র্যান্ডগুলোর সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় তহবিল গঠনের বিষয়টিতে।’বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি গুম, বিচারবহির্ভূত হত্যা ও বিনা অপরাধে আটক রাখার ঘটনাকে ভয়াবহ অপরাধ হিসেবে উল্লেখ করেন। তিনি এ ধরনের ঘটনাকে বিচারব্যবস্থার বরখেলাপ বলে মত দেন। মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়ায় তাঁর দেশের সমর্থনের কথা জানালেও তিনি বিচার-প্রক্রিয়ায় অভিযুক্ত ব্যক্তির মানবাধিকার সমুন্নত রাখার ওপর গুরুত্ব দেন।