শ্রমিক অধিকার নিশ্চিত করতে হবে: ডিলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে জিএসপি পুনর্বহাল : যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা বাংলাদেশ কবে ফিরে পাবে তা এখনো নিশ্চিত নয়। বরং যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের পর নতুন নতুন বিষয় যুক্ত হয়েছে। এর ব্যাখ্যা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দিয়েছেন দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে ডিলেনি। অন্যদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও জানিয়ে দিয়েছেন বাংলাদেশের অবস্থান
মাইকেল জে ডিলেনি
মাইকেল জে ডিলেনি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফিরে পেতে হলে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাসহ (ইপিজেড) সব জায়গায় শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করা জিএসপি পুনর্বহালের কর্মপরিকল্পনার অন্যতম শর্ত।
যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল জে ডিলেনি গতকাল বুধবার বিকেলে রাজধানীর ইএমকে সেন্টারে এক বক্তৃতা অনুষ্ঠানে এ কথা বলেন। মার্কিন দূতাবাস আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তৃতার পর তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
মাইকেল জে ডিলেনি বলেন, জিএসপি কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও নভেম্বরে সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের বৈঠকের প্রস্তুতিতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। জিএসপি স্থগিতের পর মার্কিন বাণিজ্য দপ্তরের নির্ধারিত ১৬-দফা কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রগতি উল্লেখযোগ্য। বিশেষ করে কর্মপরিবেশের নিরাপত্তার ক্ষেত্রে অগ্রগতি প্রশংসনীয়। তবে শ্রমিকদের ভয়ভীতি দেখানো, ট্রেড ইউনিয়নের নিবন্ধনের সংখ্যা না বাড়া ও অন্যায্য শ্রম চর্চা বন্ধ না হওয়ার মতো বিষয়গুলোতে চ্যালেঞ্জ রয়ে গেছে।
জিএসপি কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের বৈঠককে সামনে রেখে বাংলাদেশের শ্রমমানের পরিস্থিতি দেখতে মাইকেল জে ডিলেনির নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল ১৯ সেপ্টেম্বর পাঁচ দিনের সফরে ঢাকায় আসে। এ সময় তাঁরা সরকারি কর্মকর্তা, মালিক, শ্রমিক, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
প্রসঙ্গত, আগামী নভেম্বরে বাংলাদেশের জিএসপি পুনর্বহাল নিয়ে ওয়াশিংটনে শুনানি অনুষ্ঠিত হবে। কর্মপরিবেশের মান নিয়ে প্রশ্ন থাকায় ২০১৩ সালের জুনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করেন। ওই বছরের জুলাইতে জিএসপি ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের সামনে ১৬-দফার কর্মপরিকল্পনা তুলে ধরে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর।

অন্যদিকে, বাংলাদেশের তৈরি পোশাক খাতে কর্মপরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার উন্নতি ঘটাতে ২০১৩ সালের ৮ জুলাই জেনেভায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এক বৈঠক করে। জেনেভায় অনুষ্ঠিত ওই বৈঠকের নাম দেওয়া হয় সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট। ওই উদ্যোগে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, কারখানার নিরাপত্তা বাড়ানো এবং দায়িত্বশীল ব্যবসায়িক পরিবেশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গতকালের অনুষ্ঠানে সফরের পর শ্রমমানের পরিস্থিতি কীভাবে মূল্যায়ন করেন জানতে চাইলে ডিলেনি বলেন, ‘জিএসপির কর্মপরিকল্পনা ও সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের সভার জন্য বাংলাদেশের অগ্রগতিতে উৎসাহিত হয়ে আমি বাংলাদেশ ছাড়ছি। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে, বিশেষ করে কর্মপরিবেশের নিরাপত্তায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে চ্যালেঞ্জ রয়ে গেছে। যেমন সংগঠিত হওয়ার অধিকারের ক্ষেত্রে উন্নতির প্রয়োজন। ইপিজেড ও ইপিজেডের বাইরে ইউনিয়নের নিবন্ধন ও শ্রমের অন্যায় চর্চার ব্যাপারে আরও স্বচ্ছতা চাই। কর্মপরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের জন্য এ ক্ষেত্রে অবশ্যই উন্নতি করতে হবে।’
ইপিজেডে ট্রেড ইউনিয়নের ওপর গুরুত্বারোপ করে সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি বলেন, ইপিজেডে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার জিএসপির কর্মপরিকল্পনা ও সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। জিএসপির আওতায় এই বিষয়টি নিয়ে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে অনেক বছর ধরেই আলোচনা করে আসছি। সংগঠিত হওয়ার অধিকার ও যৌথ দর-কষাকষির ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ইপিজেডে আইনের সমন্বয় করা জিএসপির আরও একটি শর্ত পূরণে সাহায্য করবে। ইপিজেড কিংবা ইপিজেডের বাইরে যেখানেই শ্রমিকেরা কাজ করুক না কেন তাঁদের কণ্ঠ উচ্চকিত, এটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বাংলাদেশ কখন জিএসপি ফিরে পাবে, জানতে চাইলে মাইকেল জে ডিলেনি বলেন, কবে জিএসপি ফিরবে এটি অনেকাংশে নির্ভর করছে বাংলাদেশের ওপর। কর্মপরিকল্পনা অনুযায়ী শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে সেটি আগেই উল্লেখ করেছি। তবে কর্মপরিকল্পনা অনুযায়ী সংগঠিত হওয়ার অধিকারের সুরাহা হতে হবে। কারণ কর্মপরিকল্পনায় এটি আন্তর্জাতিক মান অনুযায়ী যুক্ত রাখা হয়েছে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে সব দেশকে বিশ্ববাজারে সার্থকভাবে প্রতিযোগিতার জন্য এটি পূরণ করতে হবে। আমরা এর আগেই আমাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছি, ‘এই প্রতিনিধিদল জিএসপি নিয়ে কোনো অবস্থান ঘোষণার জন্য এ সফরে আসেনি। পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ ও আসন্ন সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের সভার প্রস্তুতির জন্য আমি এ সফরে এসেছি।’
বাংলাদেশের জিএসপি কেন স্থগিত হয়েছে এবং এর পেছনে রাজনৈতিক কারণ আছে কি না, জানতে চাইলে মাইকেল ডিলেনি বলেন, জিএসপির মানদণ্ড খুব স্পষ্ট এবং সব দেশের জন্য একই নিয়ম প্রযোজ্য। যুক্তরাষ্ট্র সরকারিভাবে ছয় বছরের নিবিড় পর্যালোচনা ও বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার পর প্রেসিডেন্ট ওবামা বাংলাদেশের জিএসপি স্থগিতের সিদ্ধান্ত নেন। এরপর জিএসপি ফিরে পেতে হলে কোন কোন পদক্ষেপ নিতে হবে তা চিহ্নিত করতে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করেছি। সমস্যার সমাধানে বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারির প্রতিফলন ‘কর্মপরিকল্পনা’।
গতকাল ইএমকের ওই অনুষ্ঠানে ডিলেনির আগে বক্তৃতা দেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি জানান, কর্মপরিবেশের উন্নয়ন ও শ্রমিকদের অধিকার সুরক্ষায় বাংলাদেশের সাফল্য কামনা করে যুক্তরাষ্ট্র। জিএসপি কর্মপরিকল্পনা ও সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট বাস্তবায়নে সক্রিয় অংশীদার বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে বাংলাদেশকে কারখানা পরিদর্শকদের প্রশিক্ষণ, আইএলওর উন্নততর কর্মসংস্থান কর্মসূচি ও পোশাক কারখানার প্রশিক্ষণে ১ কোটি ২০ লাখ ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া কারখানার প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে মালিকদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) ২ কোটি ২০ লাখ ডলার ঋণ সহায়তা হিসেবে দেবে।
মার্শা বার্নিকাট বলেন, তবে আজ আপনাদের কাছে আমার বার্তা খুব স্পষ্ট। জিএসপি ফিরে পেতে হলে কর্মপরিকল্পনাই একমাত্র পথ নয়। কর্মপরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ আন্তর্জাতিক মান অর্জন, যা তৈরি পোশাক শিল্পকে আরও উন্নততর ও প্রতিযোগিতামূলক হতে সহায়তা করবে। যা এ শিল্পের প্রতিযোগিতা ও উৎপাদনশীলতার সামর্থ্য বাড়াতে ভূমিকা রাখবে। আর একটি খাত আরও শক্তিশালী হলে তা দেশের, জনগণের ও অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে।