শ্রমিক অধিকার পরিস্থিতি দেখতে আইএলওর কর্মকর্তারা ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠিত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকেরা কী পরিস্থিতির মুখোমুখি হন, তা সরেজমিনে দেখতে গতকাল শনিবার ঢাকায় এসেছে আইএলওর ত্রিপক্ষীয় এক প্রতিনিধিদল। দর-কষাকষির অধিকারের ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকেরা বৈরী পরিস্থিতির মুখে পড়ছেন, এমন অভিযোগের সত্যতা যাচাই করতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংগঠিত হওয়া ও যৌথ দর-কষাকষিসংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির ওই প্রতিনিধিদলটি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলবে।
শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রোববার থেকে শুরু হওয়া চার দিনের এ সফরে প্রতিনিধিদলটি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে কথা বলবে। এ ছাড়াও তারা বেপজা, বিজিএমইএ, বিকেএমইএ, বিইএফ, বিভিন্ন উন্নয়ন সহযোগী এবং শ্রমিকসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে।
ত্রিপক্ষীয় বিশেষজ্ঞ প্রতিনিধিদলে আছেন কেনিয়ার সাবেক উপ শ্রম কমিশনার এলিজাবেথ ওনুকো, কানাডাভিত্তিক আইনি পরামর্শক সংস্থা মেথুজ, ডিনসডেল অ্যান্ড ক্লার্ক এলএলপির অংশীদার সোনিয়া রেগেনবোগেন এবং বেলজিয়ামের ট্রেড ইউনিয়ন এসিভির (ওয়ার্কার্স) চেয়ারম্যান মার্ক লিম্যান্স। সরকার, মালিক ও শ্রমিকদের নিয়ে গড়া ত্রিপক্ষীয় প্রতিনিধিদলের সহযোগী হিসেবে এ সফরে থাকছেন আইএলওর জেনেভা সদর দপ্তরের দুই কর্মকর্তা কারেন কার্টিস ও ভেরোনিকা ভাদোভা।
জেনেভার একটি কূটনৈতিক সূত্র গতকাল প্রথম আলোকে জানিয়েছে, বাংলাদেশে শ্রমিক অধিকারের ক্ষেত্রে গুরুতর অভিযোগ থাকায় ত্রিপক্ষীয় প্রতিনিধিদলটি ঢাকা সফর করছে। গত বছরের জুনে আইএলওর সম্মেলনে এই প্রতিনিধিদলকে পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। সাধারণত আইএলওর সদস্য কোনো দেশের শ্রমমান ও শ্রমিক অধিকার নিয়ে প্রশ্ন থাকলে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করে তা সুরাহা করা হয়। কখনো কোনো দেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এলে আইএলও সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটির প্রতিনিধিদলকে সংশ্লিষ্ট দেশে পাঠিয়ে থাকে। বর্তমান বিশেষজ্ঞ কমিটির ঢাকা সফর এই প্রক্রিয়ার অংশ।
আইএলও পরিচালনা পরিষদের সাবেক সদস্য রায় রমেশ গতকাল বলেন, সদস্যদেশ হিসেবে সংগঠিত হওয়া এবং যৌথ দর-কষাকষির অধিকারসংক্রান্ত দুই সনদ ৮৭, ৯৮সহ আইএলওর ৩৩টি সনদ বাংলাদেশ অনুসমর্থন করেছে। ফলে শ্রমিক অধিকারের ক্ষেত্রে বাংলাদেশ কতটা অঙ্গীকার পূরণ করছে এবং কোথায় ঘাটতি তা বিশেষজ্ঞ কমিটি যাচাই করে দেখবে। এই সফরের পর কমিটি আইএলওর পরিচালনা পরিষদে একটি প্রতিবেদন জমা দেবে। ওই প্রতিবেদন নিয়ে আইএলওর পরবর্তী সম্মেলনে কোনো প্রস্তাব আসতে পারে।
বাংলাদেশে শ্রমিক অধিকারের পরিস্থিতি নিয়ে প্রশ্নের পরিপ্রেক্ষিতে গত বছরের জুনে আইএলও সম্মেলনের সময় বাংলাদেশে ত্রিপক্ষীয় এই প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। এর আগে আইএলওর শ্রমমানসংক্রান্ত সনদ ৮১ বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি দেখতে গত অক্টোবরে সংস্থা চার সদস্যের আরেকটি প্রতিনিধিদলকে ঢাকায় পাঠিয়েছিল।