শ্রমিক অসন্তোষ, আশুলিয়ার দুটি কারখানায় ছুটি ঘোষণা
পবিত্র রমজানে অতিরিক্ত কাজ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় গতকাল মঙ্গলবার ঢাকার আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) দুটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
আশুলিয়া থানার পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল আটটার দিকে ডিইপিজেডের এফসিআই নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে রমজান মাসে অতিরিক্ত কাজ করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সাড়ে নয়টার দিকে শ্রমিকেরা একযোগে কারখানা থেকে বের হয়ে যান।
শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে পাশেই একই মালিকের হেলিকন নামের অপর একটি পোশাক কারখানায় ইটপাটকেল ছোড়েন। তখন ওই কারখানার শ্রমিকদের কারখানা থেকে বের করে দেওয়া হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনার পর কর্তৃপক্ষ বেলা ১১টার দিকে গতকালের জন্য কারখানা দুটি ছুটি ঘোষণা করেন।
এফসিআইর কয়েকজন শ্রমিক বলেন, আপত্তি সত্ত্বেও রমজান মাসে তাঁদের বেলা তিনটার পরও অতিরিক্ত কাজ করতে বাধ্য করা হচ্ছিল। তাঁরা এর প্রতিবাদ করায় কর্তৃপক্ষ কয়েকজন শ্রমিককে লাঞ্ছিত করে। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা কাজ না করে কারখানা থেকে বের হয়ে যান।
নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ: আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধ এবং রি-রোলিং শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার দাবিতে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের উদ্যোগে গতকাল নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন শ্রমিকেরা।
রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আবু নাঈম খান, জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির প্রমুখ বক্তব্য দেন।
শ্রমিকনেতারা বলেন, রি-রোলিং মিলগুলোতে শ্রম আইনের বাস্তবায়ন নেই। শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র নেই। ছাঁটাই বা নির্যাতিত হলে শ্রমিকেরা মামলা করতে পারেন না। অধিকাংশ রি-রোলিং মিলে বোনাস দেওয়া হয় না। ফলে ঈদের আগে কারখানাগুলোতে অসন্তোষ দেখা দেয়। এ বিষয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন বক্তারা।
সমাবেশ শেষে শহরে মিছিল বের করা হয়। পরে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়।