শ্রমিক অসন্তোষ মহাসড়ক অবরোধ যানজট
বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় একটি কারখানায় শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছে। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে কালিয়াকৈর-নবীনগর মহাসড়ক অবরোধ করেন। এতে পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী, পুলিশ, কারখানার শ্রমিক ও কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় ব্লু ফ্যাশন লিমিটেড নামক কারখানায় ওই ঘটনা ঘটেছে। গত জানুয়ারি থেকে শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে কারখানার মূল ফটকে স্বাক্ষরবিহীন একটি নোটিশ টানানো হয়েছে। ওই নোটিশে লেখা রয়েছে, ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে। গতকাল বুধবার সকালে ওই কারখানার শ্রমিকেরা প্রতিদিনের মতো কাজ যোগদান করতে যান। এ সময় কারখানার মূল ফটকে ওই নোটিশ দেখে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে উত্তেজিত শ্রমিকেরা বাড়ইপাড়া এলাকায় কালিয়াকৈর-নবীনগর মহাসড়কে অবরোধ করে রাখেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিাটর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।