শ্রমিক অসন্তোষে উদ্বিগ্ন এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের মজুরি বাড়ানো নিয়ে দেশের বেশ কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্থিতিশীলতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। তাঁরা পোশাক শিল্প ও শ্রমিকদের জন্য একটি ন্যায্য মজুরি কাঠামোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
আজ রোববার এফবিসিসিআইয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রমিকেরাই উত্পাদনের মূল কারিগর। সরকার, বিজিএমইএ ও শ্রমিকনেতাসহ সংশ্লিষ্টদের নিয়ে মজুরি কাঠামোর বিষয়ে দ্রুত সমঝোতায় পৌঁছানো যাবে। পোশাক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি।
এফবিসিসিআই বলেছে, মজুরি বাড়ানো নিয়ে চলমান শ্রমিক অসন্তোষকে পুঁজি করে কিছু সংখ্যক দুষ্কৃতকারী সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এতে মালিকেরা পোশাক কারখানাগুলো বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এটি কারও কাম্য নয়। এ বিষয়ে স্বরাষ্ট্র, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।
পোশাকশিল্প খাতের প্রবৃদ্ধি বাড়ানোর মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে বর্তমান অস্থিতিশীলতা কাটিয়ে উঠতে সরকার মালিক ও শ্রমিক পক্ষকে নিয়ে দ্রুত সমাধানে এগিয়ে আসবে বলে আশা করছে এফবিসিসিআই।