শ্রমিক অসন্তোষে উদ্বেগ জানিয়েছে বিজিএমইএ
একের পর এক পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনায় উদ্বেগ জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সমিতি বিজিএমইএ। একই সঙ্গে সমিতি শিল্পের স্বার্থে পোশাকশ্রমিকদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে অনুরোধ করেছে।বিজিএমইএ গতকাল সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধের কথা জানায়। এতে দাবি করে বলা হয়, ‘পোশাকশিল্পে বর্তমানে একধরনের নৈরাজ্য চলছে। প্রতিদিনই কোনো না কোনো কারখানায় লাঞ্চ ও যাতায়াত ভাতা, হাজিরা বোনাস, অযৌক্তিকভাবে মজুরি বৃদ্ধিসহ শ্রম আইন-বহির্ভূত বিভিন্ন দাবিতে শ্রমিক নামধারী উচ্ছৃঙ্খল ব্যক্তিরা বেআইনিভাবে কারখানায় ধর্মঘটের ডাক দিচ্ছে। কারখানা ভাঙচুর করছে।’বিজিএমইএ আরও বলেছে, ‘ভয়-ভীতি দেখিয়ে তারা কারখানার অন্য শ্রমিকদের কাজ করতে দিচ্ছে না। আবার মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের জিম্মি করে কারখানায় তালা দিয়ে চাবি নিয়ে যাচ্ছে। পরে পুলিশ এনে কারখানা খুলতে হচ্ছে।’গত কয়েক দিনে ফাউন্টেন গার্মেন্টস, বিএইচআইএস গার্মেন্টস, নাদিয়া অ্যাপারেল, ইউটা গার্মেন্টস, ওমরফুল সোয়েটার, জে কে ফেব্রিকস, ইউনি গিয়ার্স লিমিটেড, ইন্টারফ্যাব ফেব্রিকস, অনন্ত গার্মেন্টস, লাক্সমা সোয়েটার, রুপা সোয়েটার, বেস্ট শার্ট লিমিটেড, মজুমদার গার্মেন্টস, বকুল অ্যাপারেলস, আয়েশা গার্মেন্টসে এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিজিএমইএ।মজুরি বৃদ্ধির দাবিকে ‘অযৌক্তিক’ বললেও শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য মজুরি বোর্ড কাজ করছে বলে জানায় মালিকদের এই সমিতি। তারা বলেছে, এ অবস্থায় শ্রম আইন-বহির্ভূত বিভিন্ন দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।