শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধ, থানায় অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষের মুখে একটি সোয়েটার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০-৩০০ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছেন।
কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকার হ্যাসং বিডি লিমিটেড নামে সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটেছে। কারখানার শ্রমিক, কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি নিটিং অপারেটর হেলাল উদ্দিনকে ছাঁটাই করা হয়। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। হেলালকে পুনর্বহালের দাবিতে শ্রমিকেরা গত বুধবার থেকে কর্মবিরতি ও বিক্ষোভ পালন করে আসছেন। কিন্তু শ্রমিকদের দাবি মেনে নেয়নি কর্তৃপক্ষ।
গতকাল রোববার অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে একটি নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। একই সঙ্গে চার শতাধিক শ্রমিককে সাত দিনের জন্য সাময়িক বরখাস্ত করার অপর একটি নোটিশ টানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, কর্মবিরতি পালন, কারখানার কর্মকর্তাদের লাঞ্ছিত করা, কারখানার যন্ত্রপাতি নষ্ট করাসহ বিভিন্ন অভিযোগে তাঁদের বরখাস্ত করা হচ্ছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে শ্রমিকেরা লিখিত জবাব দিতে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এসব ঘটনায় ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০-৩০০ জন শ্রমিকের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছে কারখানার কর্তৃপক্ষ। কারখানার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) দুলাল সাহা বলেন, এ ঘটনায় কারখানার প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি সমাধানের জন্য কারখানার মালিক-শ্রমিক ও পুলিশের মধ্যে আলোচনা হচ্ছে।
কারখানার আটজন শ্রমিক বলেন, তাঁরা গত বুধবার কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন। কিন্তু ভেতরে শ্রমিকদের আটকে রেখে বহিরাগত সন্ত্রাসী দিয়ে তাঁদের ওপর হামলা চালায় কর্তৃপক্ষ। এখন শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও বরখাস্ত করছে। তবে দাবি না মানা পর্যন্ত তাঁদের কর্মবিরতি অব্যাহত থাকবে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।