শ্রমিক অসন্তোষে গ্রামীণ নিটওয়্যার অনির্দিষ্টকালের জন্য বন্ধ
রাজধানীর অদূরে আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) অবস্থিত গ্রামীণ নিটওয়্যার নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ও বিভিন্ন দাবি আদায়ে কাজ বন্ধ করে শ্রমিকেরা দফায় দফায় বিক্ষোভে অংশ নিলে কর্তৃপক্ষ গতকাল বুধবার কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে দেয়।আশুলিয়া থানার পুলিশ ও ডিইপিজেড কর্তৃপক্ষের বিবরণ অনুযায়ী, মাস দেড়েক আগে ডিইপিজেডের নতুন অঞ্চলের ভেতরে অবস্থিত গ্রামীণ নিটওয়্যারের শ্রমিকেরা তাঁদের দুপুরের খাবারের ভাতা, গাড়িভাড়া ও হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানান। কর্তৃপক্ষ তাঁদের দাবিগুলো অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করার পরও শ্রমিকেরা দাবি জানিয়ে আসছিলেন।শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ তাঁদের দাবি না মেনে দাবি আদায়ের প্রক্রিয়ায় নেতৃত্ব দেন এমন ৪০ জনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে তা গোপন রাখে। ১৬ জুলাই ওই তালিকা থেকে এক শ্রমিককে ছাঁটাই করা হয়। গত মঙ্গলবার বিষয়টি ফাঁস হয়ে গেলে শ্রমিকেরা তাঁকে পুনর্বহালের দাবিতে একযোগে কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। পরে কোনো সমাধান ছাড়াই সন্ধ্যা ছয়টায় শ্রমিকেরা চলে যান। কিন্তু গতকাল সকালে কর্মস্থলে উপস্থিত হয়ে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে তাঁরা বাড়ি চলে যান।গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ডিইপিজেডে গেলে বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্যকে গ্রামীণ নিটওয়্যারের মূল ফটকের সামনে দেখা যায়। কারখানা বন্ধ থাকায় কর্তৃপক্ষের কারও সঙ্গে কথা বলা যায়নি।যোগাযোগ করা হলে ডিইপিজেডের উপমহাব্যবস্থাপক আশরাফুল কবীর প্রথম আলোকে বলেন, অযৌক্তিক দাবিদাওয়া নিয়ে আন্দোলন করায় গ্রামীণ নিটওয়্যার কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক দেশের বাইরে আছেন। তিনি দেশে ফেরার পর কারখানা খুলে শ্রমিকদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।এদিকে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় অবস্থিত গ্রাফিক টেক্সটাইল নামের একটি কারখানার শ্রমিকেরা গত মঙ্গলবার কাজ বন্ধ করে দিনভর বিক্ষোভ করেন। পরিস্থিতি শান্ত রাখতে গতকালও কারখানাটি বন্ধ রাখা হয়।