শ্রমিক অসন্তোষে পোশাক কারখানা বন্ধ ঘোষণা
সাভারের আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) হেলিকন সোয়েটার নামে একটি পোশাক কারখানা গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত শনিবার তিন দফা দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করলে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধের সিদ্ধান্ত নেয়। আশুলিয়া থানা পুলিশ ও ডিইপিজেড কর্তৃপক্ষ জানায়, পারিশ্রমিক বাড়ানোসহ যাতায়াত ভাড়া ও দুপুরের খাবার সরবরাহের দাবিতে গত শনিবার দুপুরে কাজ বন্ধ করে শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ ও ডিইপিজেড কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেয়। পরে কর্তৃপক্ষ কারখানাটি শনিবারের জন্য ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বাড়ি চলে যান। গতকাল সকাল আটটার দিকে কারখানার প্রায় দেড় হাজার শ্রমিক কর্মস্থলে গিয়ে মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। শ্রমিকেরা এর প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। সকাল ১০টার দিকে ডিইপিজেড কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে দাবি-দাওয়া নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। একপর্যায়ে ডিইপিজেড কর্তৃপক্ষ মালিকপক্ষের সঙ্গে কথা বলে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পরও শ্রমিকেরা কারখানার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ অবস্থায় বেলা ১১টার দিকে পুলিশ ডিইপিজেড এলাকার ভেতর থেকে শ্রমিকদের বের করে দেয়। ডিইপিজেডের মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিক অসন্তোষের কারণে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পর আবার কারখানাটি খুলে দেওয়া হবে।