শ্রমিক আটক, পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ক্ষতির ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে শিবগঞ্জ থানার পুলিশ রানা ওরফে গবরা (৩৪) নামের এক খনন শ্রমিককে আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বগুড়ার পুলিশ সুপার হুমায়ুন কবির ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান গতকাল মহাস্থানগড় পরিদর্শন করেছেন। এ সময় মাজারের পাশে খনন করা স্থানটি তাঁরা ঘুরে দেখেন। পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রত্নতাত্ত্বিক নিদর্শন যাতে কেউ ক্ষতি করতে না পারে, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী জানান, মাজার এলাকা থেকে রানা নামের একজন খনন শ্রমিককে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এদিকে মাজারসংলগ্ন মসজিদ সেখানে থাকবে কি না, সে বিষয়ে হাইকোর্টের সরকারের মতামত জানতে চাওয়ার বিষয়ে মহাস্থানগড়ের মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা মুসল্লিরা একটি মিছিল বের করার প্রস্তুতি নিলে পুলিশের তৎপরতায় তা করতে পারেনি। পুলিশ মুসল্লিদের জানায়, বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে। জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, মহাস্থানগড় দেশের ঐতিহাসিক নিদর্শন। এটি রক্ষা করার দায়িত্ব সবার। এই মাটির নিচে মহামূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। এটা খনন করা ঠিক নয়। তিনি বলেন, এখান থেকে কিছু লোক মসজিদ সরানোর গুজব ছড়াচ্ছে। কিন্তু তাঁদের কাছে এ ধরনের কোনো নিদের্শনা নেই। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লুৎফর রহমার, মহাস্থান মাজারের প্রশাসনিক কর্মকর্তা আমজাদ হোসেন, মাজার মসজিদের সেবক আবদুল জলিল প্রমুখ ।