শ্রমিক আন্দোলনে অচল চুয়াডাঙ্গা বিএডিসি
শ্রমিকদের কর্মবিরতির কারণে চুয়াডাঙ্গায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) খামারসহ সব প্রতিষ্ঠান অচল হয়ে পড়েছে। ফলে চলতি বোরো মৌসুমে চুয়াডাঙ্গা থেকে সারা দেশে জরুরি বীজ সরবরাহ কার্যক্রম ঝুঁকির মধ্যে পড়েছে।ঈদের আগে উৎসব বোনাস প্রদান ও অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণসহ সাত দফা দাবিতে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের ডাকে গত মঙ্গলবার সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়।বিএডিসি সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে সারা দেশে ধান ও গমের বীজ সরবরাহ করা হয়। সারা দেশের মোট চাহিদার অর্ধেক বীজ এই কেন্দ্র থেকে সরবরাহ করা হয়। শ্রমিকদের এই আন্দোলনের কারণে চলতি বোরো মৌসুমে চুয়াডাঙ্গা থেকে সারা দেশে জরুরি বীজ সরবরাহ কার্যক্রম ঝুঁকির মধ্যে পড়েছে। মঙ্গলবার কর্মবিরতি চলাকালে জেলার নূরনগর বীজ উৎপাদন খামার, বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও অধিক বীজ কেন্দ্র ছিল উত্তাল। আন্দোলনরত শ্রমিকেরা সকাল ১০টায় বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র চত্বরে সমবেত হন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তৃতা করেন শ্রমিক লীগের জেলা সভাপতি আফজাল হোসেন, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবদুস সালাম, বিএডিসি শ্রমিক-কর্মচারী লীগের জেলা আহ্বায়ক মমতাজ আলী, চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের দাবি বাস্তবায়ন কমিটির সভাপতি ইউনুস খান প্রমুখ।বক্তারা বলেন, ২০১২ সালের ২৪ মে কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শ্রমিকদের উৎসব বোনাস দেওয়ার কথা বলা হলেও তা মানা হচ্ছে না। তাঁরা অবিলম্বে তাঁদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেন তাঁরা।এ ব্যাপারে বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র (বীপ্রকে) চুয়াডাঙ্গার যুগ্ম পরিচালক মো. আবদুল মালেক বলেন, এই কেন্দ্র থেকে সারা দেশে ধান ও গমের বীজ সরবরাহ করা হয়। বীপ্রকেসহ নূরনগর বীজ উৎপাদন খামার ও অধিক বীজ কেন্দ্রে মৌসুমে ৩০০ থেকে ৪৫০ জন শ্রমিক অনিয়মিত কাজ করে থাকেন। তিনি বলেন, ‘প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী এ বছর ঈদুল আজহায় উৎসব বোনাস দেওয়ার কোনো সুযোগ নেই। ১২ মে থেকে কোনো শ্রমিকের কাজের মেয়াদ ২৪০ দিন না হওয়ায় আসন্ন ঈদে উৎসব বোনাস দেওয়া যাচ্ছে না। তা ছাড়া ওই প্রজ্ঞাপনে বকেয়া প্রদানেও নিষেধাজ্ঞা রয়েছে।’