শ্রমিক আন্দোলনে অচল চুয়াডাঙ্গা বিএডিসি
শ্রমিকদের সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অচল চুয়াডাঙ্গা বিএডিসি। গতকাল শনিবার পঞ্চম দিনের মতো শ্রমিকেরা কাজ বন্ধ রেখে আন্দোলনে যোগ দেন। ঈদের আগে উৎসব বোনাসসহ সাত দফা দাবিতে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের আহ্বানে মঙ্গলবার থেকে আন্দোলন করছেন তাঁরা। আন্দোলনের কারণে শনিবার চুয়াডাঙ্গার নূরনগর বীজ উৎপাদন খামার, বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও অধিক বীজ কেন্দ্রে কোনো কাজ হয়নি। বিএডিসির কর্মকর্তারা বলছেন, শ্রমিকদের এই আন্দোলনের কারণে চুয়াডাঙ্গা থেকে সারা দেশে জরুরি বীজ সরবরাহ বন্ধ হয়ে পড়ায় সারা দেশে বোরো আবাদে বিপর্যয় দেখা দিতে পারে। আন্দোলনরত শ্রমিকেরা শনিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। সমাবেশে বক্তারা ঈদের আগেই তাঁদের সাত দফা মেনে নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেওয়া হয়। শ্রমিক নেতা আবদুস সালাম জানান, ২০১২ সালের ২৪ মে কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শ্রমিকদের উৎসব বোনাস দেওয়ার কথা বলা হয়। কৃষি মন্ত্রণালয়ের অধীন ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯টি এ আদেশ মানলেও একমাত্র বিএডিসি তা মানছে না। ফলে বিএডিসি শ্রমিকেরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। গুদাম রক্ষক জামির হোসেন বলেন, চলতি মৌসুমে বিএডিসির চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে আট হাজার টন ধানবীজ ও পাঁচ হাজার টন গমবীজ সারা দেশে পাঠানোর লক্ষ্যমাত্রা ধরা হয়। ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মাত্র তিন হাজার ১০০ টন ধানবীজ পাঠানো হয়। ১৬ অক্টোবর থেকে শ্রমিক আন্দোলনের কারণে বাকি বীজ পাঠানো সম্ভব হচ্ছে না। বিএডিসির চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্ম পরিচালক মো. আবদুল মালেক জানান, এ অবস্থা চলতে থাকলে বীজের অভাবে সারা দেশে বোরো আবাদে বড় ধরনের বিপর্যয় হবে ও বীজগুলো নষ্ট হয়ে বিএডিসি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।