শ্রমিক উত্তেজনায় বিদেশি কারখানা সাময়িক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবিদাওয়া নিয়ে শ্রমিকদের উত্তেজনার কারণে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামে একটি বিদেশি সোয়েটার কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। সোয়েটারপ্রতি মজুরি মূল্যের হিসাব মনঃপূত না হওয়ার জের ধরে শ্রমিকেরা চার দিন ধরে কাজ না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কারখানা কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) সুপার ফাইন স্পিনিং অ্যান্ড নিটিং লিমিটেড নামে সিঙ্গাপুরের এ প্রতিষ্ঠানে প্রায় ৬৫০ শ্রমিক কাজ করেন। চার দিন ধরে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ দেননি। এ সময় তাঁরা সোয়েটারপ্রতি উৎপাদন মূল্য এবং মূল বেতনের হিসাব পুনর্নির্ধারণের দাবি জানান। এ পরিস্থিতিতে শ্রমিকদের সঙ্গে কয়েক দফা বৈঠকও হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইপিজেড কর্তৃপক্ষ, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মালিকপক্ষ বিষয়টি সমাধানের জন্য দুই সপ্তাহের সময় চায়। তবে শ্রমিকেরা এই সময় দিতে রাজি হননি। এ পরিস্থিতিতে সিঙ্গাপুর থেকে ই-মেইলে মালিকপক্ষ কারখানা সাময়িক বন্ধ রাখার বিষয়টি জানিয়ে দেয়।
এ বিষয়ে সিইপিজেডের মহাব্যবস্থাপক এস এম আবদুর রশিদ প্রথম আলোকে বলেন,‘ মালিকপক্ষ সন্ধ্যার পর থেকে কারখানা সাময়িক বন্ধ রাখার নোটিশ দিয়েছে। পরবর্তীকালে আলোচনা করে কারখানা খোলার সময় নির্ধারণ করবে তারা।’