শ্রমিক এনামুল হত্যার বিচারসহ ছয় দফা দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কারখানায় পুলিশের গুলিতে নিহত শ্রমিক এনামুল হক হত্যার বিচার ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে গতকাল রোববার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের গোদনাইল পানির কল এলাকায় নারায়ণগঞ্জ-ডেমরা সড়কে মানববন্ধনে অংশ নেন কয়েক শ শ্রমিক। এতে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির নেতা হিমাংশু সাহা, সাবেক পৌর কমিশনার আবদুস সাত্তার মরণ, ওয়ার্ড কাউন্সিলর মিনোয়ারা বেগম, আবু হাসান টিপু, রোমেল প্রমুখ।বক্তারা বলেন, ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উসকানিতে পুলিশ গুলি করে কারখানার শ্রমিক এনামুলকে হত্যা করে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে ঘটনার জন্য দায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত, শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অনিয়মিত শ্রমিকদের চাকরি স্থায়ী করতে হবে।সিদ্ধিরগঞ্জের গোদনাইল পানির কল এলাকায় অবস্থিত এসিআই ওষুধ কারখানায় শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনের সময় গত ২৩ জানুয়ারি পুলিশের গুলিতে শ্রমিক এনামুল নিহত হন। গুলিবিদ্ধ হন অন্তত ১৫ জন।