শ্রমিক ও ঠিকাদার পক্ষের সংঘর্ষে অর্ধশত আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় অদক্ষ শ্রমিকদের মজুরি নিয়ে অসন্তোষের জের ধরে গতকাল শনিবার শ্রমিক ও ঠিকাদারের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ উভয় পক্ষে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন।গুরুতর আহতদের মধ্যে আশুগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মজিবুর রহমান, ঠিকাদার পক্ষের জুনায়েদ মিয়া (১৮), হানিফ মিয়া (৩০), জুয়েল মিয়া (২২) এবং শ্রমিক পক্ষের নজরুল ইসলাম (২৫), মোবারক হোসেন (২৭), ইকবাল মিয়া (২৫) ও খলিলুর রহমানকে (২৭) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে এএসআই মজিবুর রহমান ও জুনায়েদ মিয়ার অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।পুলিশ ও কারখানা সূত্র জানায়, ১ এপ্রিল থেকে আশুগঞ্জ সার কারখানায় প্রায় ৫৩ কোটি টাকা ব্যয়ে ওভারহোলিং কাজ শুরু হয়। ওই কাজের জন্য কারখানা কর্তৃপক্ষ মেসার্স জহিরুল ইসলাম নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ৪০০ জন অদক্ষ শ্রমিক নিয়োগ করে। প্রতিদিন আট ঘণ্টা কাজের জন্য প্রত্যেকের মজুরি ধরা হয় ১১৩ টাকা ৪৬ পয়সা। কিন্তু ঠিকাদার আট ঘণ্টার পরিবর্তে শ্রমিকদের ১২ ঘণ্টা কাজ করাচ্ছেন। অতিরিক্ত কাজের মজুরি নির্ধারণ নিয়ে বেশ কিছুদিন ধরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ কাজ করছিল। গতকাল সকালে প্রায় সব শ্রমিক একসঙ্গে কারখানায় গিয়ে অতিরিক্ত কাজের মজুরি নির্ধারণ ও টাকা চান। ঠিকাদার অতিরিক্ত মজুরি দিতে রাজি হলেও তাৎক্ষণিক টাকা পরিশোধ করতে অপারগতা প্রকাশ করেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং একপর্যায়ে কারখানা-সংলগ্ন চরচারতলা গ্রামে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।অদক্ষ শ্রমিকদের নেতা উজ্জ্বল মুন্সি বলেন, ‘আমাদের দিয়ে আট ঘণ্টা কাজ করানোর কথা। কিন্তু ঠিকাদার আমাদের দিয়ে ১২ ঘণ্টা কাজ করালেও মজুরি নির্ধারণ করতে গড়িমসি করছিলেন। সেজন্য আজ সকালে কারখানার ভেতরে সমবেত হয়ে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। তখন ঠিকাদারের ভাড়াটে লোকজন লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’তবে ঠিকাদার আফছার আহমেদ বলেন, ‘নিয়ম অনুযায়ী বাড়তি শ্রমের মজুরি পরিশোধ করা হবে বলেই অদক্ষ শ্রমিকদের কাজে লাগানো হয়। ১৫ দিন যেতে না-যেতেই শ্রমিকেরা বাড়তি শ্রমের দ্বিগুণ মজুরি দাবি করে বসে এবং মজুরি পরিশোধের জন্য চাপ দেয়। তারা সময় না দিয়ে আমদের লোকজনের ওপর হামলা চালায়।’এ ব্যাপারে আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক সুবাস চন্দ্র দাস জানান, অদক্ষ শ্রমিকেরা নির্ধারিত মজুরি দ্বিগুণ করার দাবিতে কারখানার বাইরে বিক্ষোভ করেন। ঠিকাদারের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, কারখানায় প্রয়োজনীয় র্যাব ও পুলিশ মোতায়েন রাখা আছে।