উৎপাদিত পণ্য বিক্রি করতে না পারায় অর্থাভাবে সিরাজগঞ্জ জাতীয় জুট মিলের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ হয়ে গেছে। তাই ঈদুল ফিতরের আগে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
একই সঙ্গে অর্থ-সংকটে পাট কিনতে না পারায় পাটকলটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বর্তমানে কোনো পাট মজুত নেই।
পাটকলের প্রকল্প ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, ‘মজুত মালামাল বিক্রির চেষ্টা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে পাঁচ কোটি টাকার পণ্য বিক্রি করা হয়েছে। ওই টাকা বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) কাছে রয়েছে। তারা শিগগিরই ওই টাকা আমাদের কাছে হস্তান্তর করবে। তবে পাটকলে মজুত পাট শেষ হয়ে গেছে। এখন অনুরোধ করে পাট ক্রয়কেন্দ্রগুলো থেকে কিছু কিছু পাট এনে মিলটি চালু রাখা হয়েছে। এ পরিস্থিতি ঈদুল ফিতর পর্যন্ত চলতে পারে। তবে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাসহ ঈদ বোনাস দেওয়ার জন্য বিজিএমসির কাছে চার কোটি ২০ লাখ টাকা চাওয়া হয়েছে। এই টাকা পেলে কোনো অসুবিধা হবে না।’
পাটকলের কয়েকজন শ্রমিক-কর্মচারী জানান, পাটের সংকট ও চলতি মূলধনের অভাবে মিলের ৫৩০টি তাঁতের মধ্যে মাত্র ৯০টি চালু রাখা হয়েছে। এতে করে উৎপাদন ২০ শতাংশের নিচে নেমে এসেছে। তা ছাড়া একজন শ্রমিক সপ্তাহে ছয় দিনের পরিবর্তে দুদিন কাজের সুযোগ পাচ্ছেন। এই পাটকলে ৫০ কোটি টাকার উৎপাদিত পণ্য অবিক্রীত পড়ে আছে।
সম্প্রতি পাঁচ কোটি টাকার পণ্য বিক্রি করা হলেও সেই টাকা বিজেএমসির কাছে জমা রয়েছে। এ কারণে অর্থ-সংকটে কর্মকর্তা-কর্মচারীদের গত মাসের বেতন এবং শ্রমিকদের গত সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। অন্যদিকে এই পাটকলের আওতায় আটটি পাট ক্রয়কেন্দ্রে মোট ১৪ কোটি টাকা বকেয়া রয়েছে। এ কারণে এসব ক্রয়কেন্দ্র থেকে পাট সরবরাহও বন্ধ হয়ে গেছে। পাট না এলে মিলটি বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। এ অবস্থা চলতে থাকলে সামনের ঈদে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের বোনাস দূরের কথা বেতনভাতা পাওয়াও কঠিন হয়ে পড়বে।
পাটকলের আরেকটি সূত্র জানায়, বিএনপি জোট সরকারের সময় বন্ধ হওয়া কওমি জুট মিলটি ২০১১ সালে নাম পরিবর্তন করে জাতীয় জুট মিল নামে চালু করা হয়। ওই সময় থেকে এ পর্যন্ত মিলটি ২৬ কোটি টাকা লাভে রয়েছে।
তবে অভিযোগ উঠেছে, বিজেএমসির সিদ্ধান্তহীনতার কারণে উৎপাদিত পণ্য বিক্রি করতে বেগ পেতে হচ্ছে। এ কারণে ৫০ কোটি টাকার পণ্য মজুত হয়ে রয়েছে। বর্তমানে মিলের উৎপাদন কমিয়ে দেওয়ায় লোকসানমুখী হতে চলেছে।
কারখানার শ্রমিক শাহ আলম, আবুল কালাম, দেলোয়ার হোসেন ও আজমেরী বেগম বলেন, ‘আগে সপ্তাহে ছয় দিন কাজ করতাম। এখন পালাক্রমে দুদিন করে কাজের সুযোগ দেওয়া হচ্ছে। প্রতিদিন ২৮০ টাকা হিসাবে সপ্তাহে দুদিনে ৫৬০ টাকা মজুরি পাচ্ছি। এই অল্প টাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে গত সপ্তাহের মজুরি মিল কর্তৃপক্ষ দিতে পারেনি।’
কারখানার রপ্তানি বিভাগের কর্মচারী সেলিম মিয়া বলেন, ‘মিলটি লাভজনক অবস্থায় রয়েছে। বিজেএমসি যদি আমাদের পাওনা টাকা ছাড় দেয় তাহলে কোনো অসুবিধা নেই। খোলাভাবে বিক্রির অনুমতি দিলে মজুত সব মালামাল বিক্রি হয়ে যাবে।’