শ্রমিক-কর্মচারীদের মূল মজুরি ১০ হাজার টাকা করার দাবি
বাজারদরের সঙ্গে সংগতি রেখে শ্রমিক-কর্মচারীদের মূল মজুরি ন্যূনতম ১০ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে কয়েকটি শ্রমিক সংগঠন। গত শুক্রবার মৌলভীবাজারের চৌমোহনার ট্রেড ইউনিয়ন সংঘের কার্যালয়ে সভা করে তারা এই দাবি জানায়।
শুক্রবার সন্ধ্যায় ওই কার্যালয়ে ট্রেড ইউনিয়ন সংঘ, হোটেল শ্রমিক ইউনিয়ন, প্রেস শ্রমিক ইউনিয়ন, রিকশা শ্রমিক সংঘ, চা-শ্রমিক সংঘ, দরজি শ্রমিক সংঘ এবং স মিল শ্রমিক সংঘ যৌথ সভার আয়োজন করে। ওই সভা থেকে শ্রমিকেরা আরও কিছু দাবি তুলে ধরেন। এগুলো হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সনদ অনুযায়ী শ্রম আইন প্রণয়ন, আট ঘণ্টা কাজ, শ্রম আইন কার্যকর, সমকাজে সমমজুরি, চা-শ্রমিকদের দৈনিক ৪০০ টাকা মজুরিসহ সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রদান, হোটেল-করাত কলসহ বিভিন্ন খাতে সরকারঘোষিত ন্যূনতম মজুরি কার্যকর এবং মহাসড়কে বিকল্প লেন না করা পর্যন্ত তিন চাকার পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহসভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক। এতে ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সহসভাপতি আবদুল আজিজ ও সহসাধারণ সম্পাদক শাহিন মিয়া, দরজি শ্রমিক সংঘের সভাপতি ইসলাম উদ্দিন মাস্টার, প্রেস শ্রমিক ইউনিয়নের সদস্য শামসুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সংঘের সদস্য অমলেশ শর্মা, মীর মো. জসিম উদ্দিন, তারেশ বিশ্বাস সুমন প্রমুখ বক্তৃতা করেন।