শ্রমিক কলোনি নির্মাণের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার গাজীরচট এ এম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের সভাপতির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং প্রতিষ্ঠানের জমিতে শ্রমিক কলোনি নির্মাণের সরকারি সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানা এলাকার সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এ দাবি জানান বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই এ এম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী আশুলিয়া থানা এলাকায় জড়ো হন। সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা হাতে হাত রেখে নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে এ এম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেনের বিবরণ অনুযায়ী, ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এ স্কুলের নামে পাঁচ একরেরও বেশি জমি রয়েছে। সম্প্রতি মহিলাবিষয়ক অধিদপ্তর সে জমি থেকে প্রায় দুই একর খাস দাবি করে সেখানে নারী পোশাকশ্রমিকদের জন্য কলোনি (আবাসিক এলাকা) নির্মাণের উদ্যোগ নেয়। এ বিষয়ে আইনগত সহায়তা পেতে স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ঢাকার সহকারী জজ আদালতে একটি মামলা করা হয়। এরপরও সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার ১১ জুন ওই জমি দখলের চেষ্টা চালান। এতে বাধা দেওয়ায় খালেদা আক্তার আশুলিয়া থানায় মামলা করেন। ওই মামলায় তাঁকে ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি এনামুল হক মুন্সীকে আসামি করা হয়েছে।
এনামুল হক মুন্সী বলেন, প্রায় ৬০ বছর আগে এলাকার লোকজন স্কুলের নামে জমি রেজিস্ট্রি করে দেন। সেই জমির কিছু অংশে স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। কয়েক বছর আগে সেখানে কলেজের কার্যক্রম শুরু হয়। বাকি জমি পতিত। কিন্তু ভুল তথ্যের ভিত্তিতে মহিলা অধিদপ্তর সেখানে কলোনি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।
স্কুলের জমি জোর করে দখলের চেষ্টা চালিয়ে উল্টো স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন আশুলিয়া থানা যুবলীগের সাধারণ সম্পাদক শাহদত হোসেন। খালেদা আক্তার বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খাসজমিতে শ্রমিক কলোনি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।