শ্রমিক কল্যাণে মুনাফার ৫ শতাংশ দেওয়া বাধ্যতামূলক হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকারখানায় বার্ষিক অর্জিত মুনাফার ৫ শতাংশ অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে জমা দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। এই নিয়ম লঙ্ঘনে শাস্তির বিধানও রাখা হয়েছে।এ-সংক্রান্ত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) আইন, ২০১২-এর খসড়া গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া মন্ত্রিসভা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়সসীমা দুই বছর বাড়ানো-সংক্রান্ত আইন অনুমোদন দিয়েছে।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়া সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। সচিবালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মন্ত্রিপরিষদ সচিব বলেন, অর্জিত মুনাফার একটি অংশ শ্রমিকদের জন্য রাখতে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন’ রয়েছে। কিন্তু তহবিলে অর্থ জমা না দিলে শাস্তির বিধান না থাকায় মালিকেরা তা বাস্তবায়ন করছিলেন না। তাই আইনটি সংশোধন করে শাস্তির বিধান যুক্ত করা হয়েছে। তিনি বলেন, কী শাস্তি হবে, তা মন্ত্রিসভার বৈঠকে নির্ধারণ করা হয়নি। এটি নির্ধারণ করে মতামতসহ খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করতে আইন মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মতামতসহ প্রস্তাব পেলেই আইনটি পাসের জন্য জাতীয় সংসদে পাঠাতে মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দেবে।গতকালের বৈঠকে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী (অবসর) (সংশোধন) আইন, ২০১২’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। এ সংশোধনী কার্যকর হলে সরকারি কর্মচারীদের অবসরের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৫৯ বছর করা-সংক্রান্ত রাষ্ট্রপতির অধ্যাদেশটি আইনে পরিণত হবে।মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে এ পর্যন্ত জারি হওয়া সব অধ্যাদেশ দ্রুততার সঙ্গে আইনে পরিণত করার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মুক্তিযোদ্ধা কোটায় দুই বছরের বর্ধিত মেয়াদে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা অন্যদের মতো আরও দুই বছর বাড়ানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রিসভায় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।বৈঠকে তুরস্কের দূতাবাসের জন্য রাজধানীর বারিধারায় চার হাজার ৭৪১ বর্গমিটার জমি ৯৯ বছরের জন্য লিজ অনুমোদন দেওয়া হয়। একই পরিমাণ জমি তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসকে ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। এ জন্য তুরস্কের সঙ্গে দূতাবাসের জমি বিনিময়-সংক্রান্ত প্রটোকল অনুসমর্থনের বিষয়েও অনুমোদন দেওয়া হয়।মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভায় গত তিন বছরে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও তার বাস্তবায়ন এবং পূর্ববর্তী সরকারের প্রথম তিন বছরের সিদ্ধান্ত ও বাস্তবায়নের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। এতে দেখা যায়, বর্তমান সরকারের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের হার অনেক এগিয়ে।